সিলেট | |
প্রকাশিত: 7:21 PM, August 21, 2025
উদ্দেশ্যমূলকভাবে পাথর লুটপাটে এনসিপি নেতাদের নাম দিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে।
প্রভাতবেলা প্রতিবেদক : কয়েকটি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে পাথর লুটপাটের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন সাহান এবং সিলেট মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরীর নাম উল্লেখ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
তারা বলছেন, কোনো ধরনের তথ্যপ্রমাণ ছাড়া সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে এনসিপি নেতাদের নাম জড়িয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে।
বৃহস্পতিবার এনসিপির সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন সাহান।
বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেন, কোনোধরনের তথ্যপ্রমাণ ছাড়া পাথর লুটপাটে এনসিপিসহ রাজনৈতিক নেতৃবৃন্দের নাম নিয়ে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। এটা সমাজ ও রাষ্ট্রের জন্য বিষফোঁড়ার মতো। আমরা তরুণ রাজনীতিকরা সমাজ ও মানুষের জন্য কাজ করতে রাজনীতিতে এসেছি, লুটপাট ও দুর্নীতির জন্য নয়। সুস্পষ্ট অভিযোগ ও প্রমাণ না পাওয়া পর্যন্ত এ ধরনের তথ্য ও সংবাদ বন্ধের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা বলেন, প্রকাশিত প্রতিবেদনে রাষ্ট্রীয় সংস্থা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি কথিত রেফারেন্সের উল্লেখ থাকলেও কোনো সুনির্দিষ্ট অভিযোগ, তদন্ত প্রতিবেদন কিংবা কোনো বিশ্বাসযোগ্য তথ্য নেই। এই প্রতিবেদন পাথর লুটের মুল কালপ্রিটদের (দোষী) আড়াল করার একটা পন্থা।
তারা বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি নৈতিক, জনমুখী ও গণমানুষের অধিকারভিত্তিক রাজনীতির প্ল্যাটফর্ম। আমাদের পথচলা কোনো সুবিধাবাদী গোষ্ঠীর নয়, বরং ২০২৫ সালের ২৪ জুলাই এর গণআন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগে পরিশুদ্ধ। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এনসিপির রাজনৈতিক চাওয়া বাংলাদেশে দুর্নীতিবাজ, লুটেরা ও ক্ষমতার অপব্যবহারকারীদের নয় বরং দেশপ্রেমিক, সাহসী ও সৎ মানুষরাই নেতৃত্বে থাকবে। তারা বলেন, আমরা গণমাধ্যমকে সবসময় শ্রদ্ধার চোখে দেখি। কোনো সংবাদ প্রচারের আগে সত্য যাচাই ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ করা সাংবাদিকতার নীতি। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো যেন প্রকাশিত প্রতিবেদন পুনর্বিবেচনা করে, বিভ্রান্তিকর তথ্য ও উপস্থাপনাকে সংশোধন করে এবং ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে যেকোনো প্রতিবেদনে ভারসাম্য, নিরপেক্ষতা এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য অন্তর্ভুক্ত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আরো বলেন, জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলা ও মহানগর দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ-স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অধিকার রক্ষায় অবিচল থাকবে। ষড়যন্ত্র, অপপ্রচার ও অন্যায়ের বিরুদ্ধে অগ্রভাগে থাকবে এ সংগঠনটি। পাথর সংক্রান্ত কোন কর্মে তাদের কোন সংশ্লিষ্টতা নেই বলে জানান। সম্মানহানিকর এমন রিপোর্টে তাদের সংশ্লিষ্টতা প্রমাণ করতে না পারলে আইনের আশ্রয় নিতে বাধা হবেন বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি