চট্টগ্রামে বাস খালে পড়ে নিহত ২, আহত ২৫

প্রকাশিত: 8:21 PM, January 28, 2020

চট্টগ্রামে বাস খালে পড়ে নিহত ২, আহত ২৫

 

প্রতিনিধি, চট্টগ্রাম:

 

রাউজানে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের পাশে বাস খালে উল্টে পড়ে দুইজন নিহত এবং ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

 

 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের পিংক সিটি-২ এর পার্শ্ববর্তী স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

 

 

এ সময় বাসের যাত্রীদের মধ্যে ২৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় লোকজন ও সঙ্গে থাকা স্বজনরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

 

 

নিহতরা হলেন- বাসের হেলপার মো. ইমাম হোসেন (৩৪) ও যাত্রী জাহান আরা বেগম (৫৫)।

 

 

বাসের হেলপার ইমাম হোসেন চন্দ্রঘোনার লিচু বাগান এলাকার চৌধুরী গোট্টা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। সে কদমতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বনগ্রাম এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকত।

 

 

এ দিকে, জাহানারা বেগম রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদিউর রহমান তালুকদার বাড়ির বিজিবির (অবসরপ্রাপ্ত) জওয়ান আব্দুল মালেকের স্ত্রী।

আরও পড়ুন  জাল সনদে ১৩ বছর শিক্ষকতা !

 

 

স্থানীয় প্রত্যক্ষদর্শী, নিহতের স্বজন ও রাউজান থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে কাপ্তাইয়ের উদ্দেশে ছেড়ে যায় আল্লাহর দান পরিবহনের একটি বাস। চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী ইউনিয়নের পিংক সিটি-২ এর পার্শ্ববর্তী স্থানে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে বাসের হেলপার মো. ইমাম হোসেন ও যাত্রী জাহান আরা বেগম ঘটনাস্থলেই মারা যান।

 

 

খবর পেয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ, উপপরিদর্শক আমজাদ হোসেন ও নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

 

 

রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ বলেন, নিহতদের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়। বাসটিকে জব্দ করা হয়েছে।

 

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ