সিলেট | |
প্রকাশিত: 3:45 PM, December 21, 2016
শাবি সংবাদদাতা: আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
তাদের দাবি, ছাত্রলীগের কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে সাধারণ শিক্ষার্থীদের কেন বিপদে ফেলা হবে।
এদিকে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা শুধুমাত্র অ্যাম্বুলেন্স চলাচল করতে দিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এনভায়রনমেন্টাল ও সিভিল সায়েন্সের অধ্যাপক জহির বিন আলমকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া আগামী ৬ জানুয়ারি পর্যন্ত শাবিতে সব ধরনের ক্লাস, পরীক্ষা বন্ধ এবং ৩টি আবাসিক ছাত্র হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দুপুরে শাবির সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেট সদস্য অধ্যাপক কবির হোসেন জানান, ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও ২০১৬-১৭ সেশনে ভর্তি কার্যক্রম চলমান থাকবে। এছাড়া শাবির ছাত্রী হলও খোলা থাকবে বলেও জানান তিনি।
এর আগে, ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শাবির সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
এরও আগে শাবির তিনটি হল বন্ধ ঘোষণা করে প্রশাসন। বুধবার সকালে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এ সংক্রান্ত নোটিশও টানানো হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান গ্রুপের সাথে সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, অঞ্জন রায় ও যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি