ডা. শফিকসহ মা মণি হাসপাতালের ৯ ডাক্তারের বিরুদ্ধে ১২৫ কোটি টাকার মামলা

প্রকাশিত: 2:16 PM, October 29, 2016

প্রভাতবেলা প্রতিবেদক:   সিলেটে চিকিৎসায় অবহেলার কারণে শিশু মৃত্যুর অভিযোগে জামায়াত নিয়ন্ত্রিত মা-মণি হাসপাতালের চেয়ারম্যান ও প্রধান কনসালটেন্ট ডা. এমএ মতিন ও জামায়াত নেতাসহ ৯ জনের বিরুদ্ধে ১২৫ কোটি টাকার মামলা হয়েছে। মামলার বাদী নিহত শিশু আফনানের মা হালিমা বেগম কানাইঘাট উপজেলার উমরগঞ্জ গ্রামের দুবাই প্রবাসী শরীফ উদ্দিনের স্ত্রী। বৃহস্পতিবার সিলেট জেলা জজ ২য় আদালতে এ মামলা দায়ের করেন তিনি। মামলায় অন্য অভিযুক্তরা হচ্ছেন- মা-মণি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আজির উদ্দিন আহমদ, নির্বাহী পরিচালক ডা. মোদাব্বির হোসেন, পরিচালক সৈয়দ মোহাম্মদ খসরু, মুজিবুল হক, জামায়াতের কেন্দ্রীয় নেতা ডা. শফিকুর রহমান, ব্যবস্থাপক জামাল আহমদ, ডা. আবু নাঈম আহমদ ও ডা. সেতু ভৌমিক। মামলায় চিকিৎসায় অবহেলার কারণে শিশু মৃত্যুর পাশাপাশি আলামত নষ্ট করার জন্য চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রে ফ্লুইড দিয়ে ঘষামাজা, ট্রিটমেন্ট শিটে কাটাকাটি করে তথ্য বিকৃতি, জাল-জালিয়াতির মাধ্যমে নতুন তথ্য সংযোজন ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ অক্টোবর হালিমা বেগম তার তিন মাসের শিশুপুত্র আফনানকে অসুস্থ অবস্থায় নগরীর কুমারপাড়ার মা-মণি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মতিন শিশু আফনানের নিউমোনিয়া হয়েছে এবং তার জরুরি চিকিৎসা প্রয়োজন বলে জানান। তার কথামতো নিহতের মা ও সঙ্গে থাকা তার ভাই হাবিব আহমদ শিশুটিকে হাসপাতালে ভর্তি করান। কিন্তু ওইদিন ডা. মতিন শিশুটির কোনো খোঁজ নেননি। তাছাড়া সারারাত হাসপাতালে ভর্তি থাকলেও কর্তৃপক্ষ তার চিকিৎসার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। পরদিন দুপুরে শিশুটির অবস্থার অবনতি হতে থাকলে স্বজনরা কান্নাকাটি শুরু করেন। শিশুটির স্বজনরা ডা. মতিনকে আনার জন্য গাড়ি পাঠালে তিনি পৌনে ১টায় হাসপাতালে আসেন। কিন্তু তার আসার আগে ডা. আবু নাইম আহমদ ও ডা. সেতু ভৌমিক শিশুটির শরীরে ৩ মিলি ইনজেকশনের পরিবর্তে ৩০০ মিলি ইনজেকশন পুশ করেন। এতে শিশু আফনান মারা যায়।

আরও পড়ুন  সেনবাগ প্রেসক্লাব সভাপতি করোনায় আক্রান্ত


সর্বশেষ সংবাদ