সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৩
আফজল হোসেন: তাসমান সাগর পাড়ের দেশ নিউজিল্যান্ড, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই দেশটিকে বলা হয় পৃথিবীর স্বর্গ। সাগরের নীল জল আর সবুজ প্রকৃতির এই দেশে এতদিন বাংলাদেশ ক্রিকেট দলের সুখস্মৃতি বলতে ছিল মাউন্ট মঙ্গানুইয়ে টেস্ট ম্যাচ জয়। তবে এবার অর্জনের খাতায় যুক্ত হয়েছে ওয়ানডে ও টি২০ জয়। ইতিহাস গড়ে জয় পাওয়া টাইগারদের নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়টা শেষ পর্যন্ত অধরাই রয়ে গেল এবার।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জয়ের পর প্রথম টি২০তে নিউজিল্যান্ডকে হারিয়ে উন্নতির ধারাবাহিকতা বজায় রাখে নাজমুল হোসেন শান্তর দল৷ সিরিজের প্রথম ম্যাচ জয় পাওয়ায় সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজ হারের শঙ্কা ছিল না। তাই শেষ ম্যাচ হারলেও কোনো সমস্যা হবে না, তবে জিততে পারলে ব্ল্যাকক্যাপস-এর বিপক্ষে আরাধ্য সিরিজ জয়ের মুকুটটা উঠবে শান্তর মাথায়।
এমন সমীকরণের ম্যাচে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ হেরেছে ১৭ রানে৷ রোববার মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত সিরিজের শেষ টি২০ ম্যাচে প্রথম ব্যাট করে ১৯.২ ওভারে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১১০ রানে।
রান তাড়ায় শেখ মেহেদির ঘূর্ণিতে মাত্র ৩০ রানে ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। আফিফ হোসেন ও মুস্তাফিজুর রহমানের যৌথ প্রচেষ্টায় রান আউটে ফে্রেন মার্ক চ্যাপম্যা্ন (১)। রান তাড়ায় ৩৮ রানে ৪ উইকেট খুইয়ে বসে কিউই বাহিনী। এরপর বল হাতে দুর্দান্ত ফর্মে থাকা শরিফুল ইসলাম উইকেটে সেট হওয়া ফিন এ্যালেনকে (৩৮) ফেরালে দলীয় রান পঞ্চাশের আগেই ৫ উইকেট পড়ে যায়।
৪৯ রানে ৫ উইকেট হারানোর পর স্বাগতিকরা ঘুরে দাঁড়ায় জিমি নিশাম (২৮*) ও মিচেল স্যান্টানারের (১৮*) ব্যাটে। ষষ্ঠ উইকেটে ৪৬ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন নিশাম ও স্যান্টনার। ইনিংসের ১৫তম ওভারে বৃষ্টি নামলে ম্যাচের বাকী খেলা আর মাঠে গড়ায়নি।
তবে কাজের কাজ বৃষ্টির আগেই করে ফেলেছিলেন নিশাম ও স্যান্টনার। বৃষ্টি আইনে ১৪.৪ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৭৯ রান, যেখানে নিউজিল্যান্ড ৫ উইকেটে তুলে ৯৫ রান। ফলে বৃষ্টি আইনে নিউজিল্যান্ড জিতে যায় ১৭ রানে। এই জয়ে সিরিজ ড্র করতে সমর্থ হয় স্বাগতিকরা।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে সফরকারী বাংলাদেশ। মাত্র ৫৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। একে একে ফিরে যান সৌম্য সরকার (৪), রনি তালুকদার (১০)। অধিনায়ক শান্তও ছিলেন বেশ শান্ত ১৫ বলে ১৭ রানে ফিরেন অ্যাডাম মিলের বলে।
এরপর টাইগারদের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। মাত্র ২২ রানের ব্যবধানে স্যান্টনার তুলে নেন আফিফ হোসাইন (১৪), তাওহিদ হৃদয় (১৬), মেহেদি হাসান (৪) ও শামীম হোসাইন (১০)-এর উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ১৯.২ ওভারে ১১০ রানে অলআউট হয় বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে ৪টি উইকেট শিকার করেন স্যান্টনার। এছাড়া ২টি করে উইকেট শিকার করেন টিম সাউদি, অ্যাডাম মিল ও বেন সিয়ার্স।
“আমাদের বোলাররা দুর্দান্ত কাজ করেছে, কিন্তু ব্যাটসম্যানরা আজ রান করতে পারে, আমাদের ব্যাটসম্যানরা ১৫-১৭ রান করে শুরু করেছিল কিন্তু বড়ো ইনিংস গড়তে পারেনি, এটি আমাদের ভুল ছিল।”
দলের ব্যাটারদের নিয়ে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন বাংলাদেশের অধিনায়ক শান্ত।
নিজেদের বোলিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেন কিউই অধিনায়ক স্যান্টনার, তিনি বলেন — “পাওয়ারপ্লেতে সিমাররা দুর্দান্ত ছিল,পেসাররা কন্ডিশনকে কাজে লাগিয়ে সত্যিই ভাল বোলিং করেছে।”
বোলিংয়ে ৪ ওভারে ১৬ রানে ৪ উইকেট শিকার করে বাংলাদেশের ব্যাটিং ধ্বসিয়ে দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে অপরাজিত ১৮ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। সিরিজ জুড়ে দাপুটে বোলিংয়ে স্বাগতিক দলের ব্যাটারদের বেশ ভুগিয়েছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। তার ফল হাতেনাতে পেয়েছেন বাঁ হাতি এই পেসার, ৩ ম্যাচে ৬ উইকেট শিকারে হয়েছেন সিরিজ সেরা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি