দিরাইয়ে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: 8:30 PM, February 7, 2021

দিরাইয়ে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি ডোবার মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মো. আব্দুল জব্বার (৫০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ আরও ১০ জন।

রবিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে দিরাইয়ের রাজনাওঁ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মো. আব্দুল জব্বার উপজেলার জগদল ইউনিয়নের রাজনাওঁ গ্রামের মৃত কনাই উল্ল্যাহ’র ছেলে।

সংঘর্ষে আহতরা হলো- মো. আব্দুল জব্বারের ভাই আব্দুল লতিফ (৪০), তার ছেলে মো. শাহীনুর (১৬)। বাকি আহতদের নাম ও পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তবে আহতদের স্থানীয় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকালে ইউনিয়নের রাজনাওঁ গ্রামের লোকজন গ্রামের পাশে গোলের হাওরে বোরো জমির পাশে একটি ডোবায় মাছ ধরতে যান। পরে একই গ্রামের ওয়াব উল্ল্যাহ’র ছেলে মো. শাহাব উদ্দিনের লোকজন বাধা দেয়। প্রথমে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শাহাব উদ্দিনের লোকজন আব্দুল জব্বারকে লাঠি দিয়ে মাথায় ও পিঠে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যায়।

আরও পড়ুন  কামরানের মৃত্যুতে মহানগর আওয়ামী লীগের শোক

এ সময় আহত হয় নারীসহ আরও ১০ জন। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সংঘর্ষের ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। আটকৃতরা হলো- মো. সামছুল হক ও শিমুল হক।

এ ব্যাপারে জগদল ইউনিয়ন পরিষদেরর ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন জানান, একটি ডোবায় মাছ ধরা নিয়ে এমন সংঘর্ষের ঘটনা খুবই দুঃখজনক। তিনি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে। তবে এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ