মদীনার উদ্দেশ্যে সিলেট ছাড়লো ১ম হজ ফ্লাইট

প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৫

মদীনার উদ্দেশ্যে সিলেট ছাড়লো ১ম হজ ফ্লাইট

প্রভাতবেলা ডেস্ক: ৪১৮ জন যাত্রী নিয়ে সিলেট থেকে মদীনার উদ্দেশ্যে ছেড়ে গেছে ১ম সরাসরি হজ ফ্লাইট। বুধবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টার সময় ওসমানী এয়ারপোর্ট ত্যাগ করে বাংলাদেশ বিমানের বিজি-২৩৭ ফ্লাইট।

এদিকে সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট উপলক্ষে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দোয়া মাহফিলের আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার উজ জামান, আটাব সিলেট জোনের সভাপতি জিয়াউর রহমান খান রেজওয়ান ও হাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান মোঃ আব্দুল হক।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফারহান আহমেদ। হজ যাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন ইলিয়াস বক্ত চৌধুরী। মোনাজাত পরিচালনা করেন হযরত শাহজালাল (র.) এর দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমেদ। অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধীজন, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ও বিমাবন্দরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  কমলগঞ্জে স্ত্রীর গলা কেটে থানায় হাজির স্বামী!

গত বছরের ন্যায় এবারও ‘রোড টু মক্কা’ কর্মসূচির আওতায় ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন হবে যাত্রীদের। তবে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমনকারী যাত্রীদের সৌদি আরবের আগমনী ইমিগ্রেশন সৌদি আরবেই অনুষ্ঠিত হবে।

আল্লাহর ঘরের মেহমানদের সৌদী গমনকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানান, সিলেট ছেড়ে যাওয়া ১ম ফ্লাইটটি মদীনা গেলেও বাকী ফ্লাইটগুরো যাবে জেদ্দা। বাকী চারটি হজ ফ্লাইটের শিডিউল হচ্ছে- ২৩ মে বিকেল ৫টা ২৫ মিনিটে, ২৫ মে বেলা ১টা ১৫ মিনিটে, ২৬ মে বিকেল ৪টা ৪৫ মিনিটে ও ২৯ মে বিকেল ৪টা ৪৫ মিনিট। এসব ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।

হজ অ্যাজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেটের সেক্রেটারী আব্দুল কাদির বলেন, আজ চলতি হজ মওসুমের ৪১৮ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে প্রথম ফ্লাইট। গতবারের ন্যায় এবারো সিলেট থেকে পাঁচটি হজ ফ্লাইট পরিচালিত হবে। এ বছর সিলেটের হজযাত্রী হচ্ছেন ২ হাজার ৬৭৫ জন। এর মধ্যে পাঁচটি ফ্লাইটে সিলেট এয়ারপোর্ট থেকে যাবেন ২ হাজার ৯০ জন। বাকি ৫৮৫ জন যাবেন ঢাকা এয়ারপোর্ট থেকে।

আরও পড়ুন  সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

সংশ্লিষ্ট সূত্র জানায়, হজযাত্রীদের মধ্যে সরকারি মাধ্যমে ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন্য এবার হজে যাবেন। হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজের আগে ১১৮টি এবং হজের পরে ১০৯টি ফ্লাইট পরিচালনা করবে। হাজীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আসবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট আসবে ১০ জুলাই।

সর্বশেষ সংবাদ