যুক্তরাজ্য প্রবাসীকে হুমকি, বাবাকে ভয়ভীতি; নিরাপত্তা চায় পরিবার

প্রকাশিত: 6:22 PM, December 15, 2025

যুক্তরাজ্য প্রবাসীকে হুমকি, বাবাকে ভয়ভীতি; নিরাপত্তা চায় পরিবার

কুমিল্লা সংবাদদাতা ♦ কুমিল্লার দাউদকান্দিতে যুক্তরাজ্যপ্রবাসী এক যুবক ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

ভুক্তভোগী যুবকের নাম মো. মোহাইমিন সরকার। তিনি দাউদকান্দি উপজেলার ঢাকারগাঁও গ্রামের বাসিন্দা মো. মহসিন সরকারের ছেলে এবং সুন্দলপুর ইউনিয়ন ছাত্রলীগের ২০২০ সালের কমিটির সহ-সভাপতি ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উচ্চশিক্ষার উদ্দেশ্যে ২০২২ সালের ৮ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যান মোহাইমিন সরকার। প্রায় তিন বছর পর অসুস্থ বাবাকে দেখতে চলতি বছরের ১১ জানুয়ারি দেশে ফেরেন। অভিযোগ অনুযায়ী, দেশে ফেরার তিন দিনের মাথায়, ১৪ জানুয়ারি রাতে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে তার ওপর সশস্ত্র হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যা সে সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

আরও পড়ুন  ইউএনও ওয়াহিদার দুই গাড়িচালক আটক

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, হামলার ঘটনার পরও হুমকি থামেনি। বর্তমানে মোহাইমিন যুক্তরাজ্যে অবস্থান করলেও তার অনুপস্থিতিতে পরিবারের সদস্যদের, বিশেষ করে তার বৃদ্ধ বাবাকে, নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

সর্বশেষ গত ১২ ডিসেম্বর সুন্দলপুর ইউনিয়নের গ্রামের বাড়িতে গিয়ে তার বাবা মো. মহসিন সরকারকে হুমকি দেওয়া এবং হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরিবারের দাবি, স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ফকির ও তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি এ ঘটনা ঘটান। এ সময় তারা বলেন, “মোহাইমিন কবে বিদেশ থেকে আসবে? ওকে বলিস, আসার সময় কাফনের কাপড় নিয়ে আসতে।”

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে মো. মোহাইমিন সরকার বলেন,
“২০২৫ সালের হামলার পর থেকেই আমাকে এবং আমার পরিবারকে ধারাবাহিকভাবে হুমকি দেওয়া হচ্ছে। সর্বশেষ আমার বৃদ্ধ বাবাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমি নিজের ও আমার পরিবারের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আমার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছি।”

আরও পড়ুন  পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

এ বিষয়ে অভিযুক্ত কামরুল ফকিরের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভুক্তভোগী পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ