সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৮
এবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পদত্যাগের দাবি তুলেছে চলচ্চিত্রকর্মীদের সমন্বিত সংগঠন ‘চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি’। গতকাল বুধবার এফডিসিতে এক বৈঠকে এ কথা জানান কমিটির সভাপতি অভিনেতা ফারুক।
কী কারণে তথ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে চলচ্চিত্র পরিবার—জানতে চাইলে বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘এর আগে জাতীয় চলচ্চিত্র উৎসবগুলোতে নায়করাজ রাজ্জাককে সভাপতি করা হতো। তিনি যেহেতু প্রয়াত হয়েছেন, সে কারণে সর্বসম্মতিক্রমে চলচ্চিত্রের কিংবদন্তি পুরুষ সৈয়দ হাসান ইমামকে সভাপতি নির্বাচিত করা হয়। এ নিয়ে বেশ কয়েকটি মিটিং হয়েছে। কিন্তু হুট করেই মঙ্গলবার (২৭ মার্চ) বিএফডিসির এমডি আমীর হোসেন মোবাইলে কল দিয়ে সৈয়দ হাসান ইমামকে এই পদে না থাকার জন্য উপর মহলের আদেশ আছে বলে জানান। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
জায়েদ খান আরো বলেন, ‘শুধু তাই নয়, সেন্সর বোর্ডকে তিনি (মন্ত্রী) প্রেশার দিয়ে কলকাতার ছবি সেন্সর করিয়ে নিচ্ছেন।’
এবার চলচ্চিত্র পরিবার ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস আলাদা করে পালন করবে এবং শিগগিরই তাঁরা প্রধানমন্ত্রীর কাছে লিখিত দাবি নিয়ে যাবেন বলেও জানান জায়েদ খান। তিনি আরো জানান, হুট করে সভাপতি পরিবর্তনের বিষয়টি নিয়ে তাঁদের কথা হয়েছে এফডিসির এমডির সঙ্গে।
গত বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেতা আলমগীর, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুর রশিদ চৌধুরী, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, কার্যনির্বাহী কমিটির সদস্য সাইমন সাদিক, নৃত্যশিল্পী সমিতির সভাপতি মাসুম বাবুল, নির্মাতা এস এ হক অলীকসহ আরো অনেকে। সভা সঞ্চালনা করেন নির্মাতা মোহাম্মদ হোসেন জেমী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি