‘র’ নিয়ে হাসিনার কথা: ‘সরি’ বলে এড়ালেন শ্রিংলা

প্রকাশিত: 10:51 PM, March 13, 2017

প্রভাতবেলা ডেস্ক:১৬ বছর আগে আওয়ামী লীগকে ভোটে হারাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘র’ এরও যোগসাজশ ছিল বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হলেন না ঢাকায় ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে শ্রিংলা বলেন, “আমি এনিয়ে কোনো মন্তব্য করতে পারব না, সরি।”
পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে এক বৈঠকের পর বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইছিল ভারতের হাই কমিশনারের কাছে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত ১১ মার্চ যুব মহিলা লীগের সম্মেলনে বলেছিলেন, গ্যাস রপ্তানিতে তিনি রাজি হননি বলে ২০০১ সালে ‘র’ ও যুক্তরাষ্ট্রের যোগসাজশে তার দলকে ভোটে হারানো হয়েছিল।
তখন ‘র’ এর ঢাকা স্টেশন প্রধান খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় ‘হাওয়া ভবনে’ যাতায়াত করতেন বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।
এই সভায়ই র নিয়ে কথা বলেন শেখ হাসিনা ।
বাংলাদেশের রাজনীতিতে সব সময় আলোচিত ভারতের বিষয়ে ওই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
তার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার এক সংবাদ সম্মেলনে পাল্টা বলেন, ২০১৪ সালের নির্বাচনে ভারতের প্রভাবেই আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে।
ভারতে দ্বিপক্ষীয় সফরের এক মাস আগে দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’ নিয়ে শেখ হাসিনার বক্তব্য এল।
এম.এম.এ

সর্বশেষ সংবাদ