“রোহিঙ্গা উদ্বাস্তুদের মিয়ানমারে ফিরিয়ে নিতে যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখবে”

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, মে ৩, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা উদ্বাস্তুদের মিয়ানমারে ফিরিয়ে নিতে যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (০৩ মে) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে মার্কিন প্রেসিডেন্টের পাঠানো চিঠিটি হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। চিঠিতে ট্রাম্প প্রধানমন্ত্রীকে বলেন, রোহিঙ্গারা যাতে তাদের মাতৃভূমিতে নিরাপদ প্রত্যাবর্তন করতে পারে সেজন্য প্রয়োজনীয় অবস্থা সৃষ্টিতে যুক্তরাষ্ট্র মিয়ানমারের ওপর চাপ অব্যহত রাখবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে ট্রাম্প বলেন, রোহিঙ্গা সঙ্কটে মানবিক সাড়া দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি যুক্তরাষ্ট্র গভীর কৃতজ্ঞ প্রকাশ করছে’। চিঠিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরো বলেন, রোহিঙ্গা সঙ্কট সৃষ্টি করার জন্যে অবশ্যই মিয়ানমারকে জবাব দিতে হবে। এক মিলিয়নের বেশি রোহিঙ্গা উদ্বাস্তুকে আশ্রয় দেওয়া বিরাট বোঝা। কিন্তু বিশ্ব জানে বাংলাদেশের এ ধরনের কার্যক্রমের কারণে হাজার হাজার জীবন বেঁচে গেছে। আমাদের আন্তর্জাতিক অংশীদার বাংলাদেশের পাশে থেকে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।’

আরও পড়ুন  মধ্যরাতে ঢাবিতে উত্তেজনা, ভাঙচুর

চিঠি দিয়ে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেওয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিতাড়িত রোহিঙ্গা নাগরিকদের তাদের মাতৃভূমিতে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর জোরালো চাপ অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান পুর্নব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ