শেষ বক্তব্যে যা বলেছিলেন সুরঞ্জিত

প্রকাশিত: 8:40 PM, February 5, 2017

প্রভাতবেলা প্রতিবেদক:  গঠনমূলক সমালোচনায় সমাদৃত দেশের প্রবীণ রাজনীতিবিদ বর্ষীয়ান সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মারা যাওয়ার আগে সর্বশেষ ২৯ জানুয়ারি জাতীয় সংসদে শেষ বক্তব্য রেখেছিলেন।

সেদিন সংসদে সুরঞ্জিত সেনগুপ্ত নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করতে চাওয়ায় জাতিসংঘের সমালোচনা করেছিলেন এই নেতা। এছাড়াও বিএনপিকে সাংবিধানিক রাজনীতি করার আহ্বান জানিয়ে দলটির সমালোচনা করেছিলেন।

সংসদে তিনি তার চিরাচরিত ভঙ্গীতে জাতিসংঘ ও বিএনপির কঠোর সমালোচনা করেন। অসুস্থ থাকার কারণে তার কণ্ঠস্বর একটু ফ্যাসফেসে ও ক্লান্ত থাকলেও বাচনভঙ্গিতে বরাবরের মতই রসিক ছিলেন তিনি।

সুরঞ্জিত বলেছিলেন, আমাদের দেশে নির্বাচন কমিশন গঠন হবে এটা নিয়ে দেশে বিদেশে খবর ছড়িয়ে গেছে। খবরের কাগজে দেখলাম জাতিসংঘ নাকি এ ব্যাপারে মতামত দেবে। জাতিসংঘ, জনসংঘ আর অনুসংঘ যেটাই হোক না কেনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আপনাদেরতো এ ব্যাপারে কোনো সংশ্লিষ্টতা নেই। এটি একেবারেই এ দেশের সাংবিধানিক বিষয়।

আরও পড়ুন  ঘূর্ণিঝড় ‘নিভার’ আসছে

সুরঞ্জিত আরো বলেছিলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির সিদ্ধান্তের উপর কারো কোনো বক্তব্য রাখার সুযোগ নেই। সংবিধানের বাইরে জাতিসংঘ যদি কোনো প্রশ্ন তোলে তাহলে আমরা জাতি হিসেবে খুবই বিব্রত হব এবং সাংবিধানিকভাবে এটা কোনো দেশে হয় না।

এইদিন বিএনপির সমালোচনা করে তিনি বলেছিলেন, সার্চ কমিটি গঠন করার পর এই কমিটি মানবে না বলে না করে দিল দলটি। বিএনপিকে যদি সাংবিধানিক রাজনীতি করতে হয়, তাহলে সংবিধান মেনেই রাজনীতি করতে হবে। এখানে রিজেক্ট বা এক্সসেপ্ট করার কোনো সুযোগ নাই। এখন জাতিসংঘও তাদের ইন্টারেস্ট দেখাচ্ছে। তাদের যদি কোনো কথা থাকে ডিপ্লোম্যাটিক চ্যানেলে কথা বলতে হবে।

সর্বশেষ সংবাদ