সমঅধিকারের একটি বাসযোগ্য পৃথিবী গড়ে উঠবে : রাষ্ট্রপতি

প্রকাশিত: 12:48 PM, March 8, 2020

সমঅধিকারের একটি বাসযোগ্য পৃথিবী গড়ে উঠবে : রাষ্ট্রপতি

 

প্রভাতবেলা ডেস্ক:

সবার সম্মিলিত প্রচেষ্টায় সমঅধিকারের একটি বাসযোগ্য পৃথিবী গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করে আন্তর্জাতিক নারী দিবসে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

 

‘আন্তর্জাতিক নারী দিবস ২০২০’ উপলক্ষে দেওয়া বাণীতে, দেশের টেকসই উন্নয়নে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সহযাত্রী হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

 

রবিবার (৮ মার্চ) ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে শনিবার (৭ মার্চ) দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান রাষ্ট্রপতি।

 

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২০’ উদযাপিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে বাংলাদেশসহ বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

 

তিনি বলেন, ‘সভ্যতার উষালগ্ন থেকে শুরু করে সব কর্মকাণ্ডে পুরুষের পাশাপাশি নারীরাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। বর্তমান সরকার নারী-পুরুষের সমতা বিধানে নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে ‘জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১’, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন-২০১০’, ‘ডিএনএ আইন-২০১৪’, ‘বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭’ ও ‘যৌতুক নিরোধ আইন-২০১৮’।

আরও পড়ুন  শায়েস্তাগঞ্জে রেলওয়ের অর্ধ শতাধিক অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

 

রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘এছাড়া ভিজিডি, মাতৃত্বকালীন ভাতা, ল্যাকটেটিং মাদার সহায়তা কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। নারীর ক্ষমতায়নে এসব সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী জাতিসংঘ থেকে ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে।’

 

আবদুল হামিদ বলেন, ‘বতর্মান সরকারের বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন আজ দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচার বিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী, শান্তিরক্ষা মিশনসহ সবক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে দেশ ক্রমন্বয়ে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।’

 

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপনের লক্ষ্যে ‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয়েছে।’ মুজিববর্ষে নারী উন্নয়নে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে এগিয়ে আসতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। বাসস

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ