সিলেট-৩ উপনির্বাচন: স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিএনপির শফি চৌধুরী

প্রকাশিত: 3:36 PM, June 13, 2021

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট-৩ আসনের উপ নির্বাচনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। আর বিএনপির পক্ষ থেকে এই নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

 

তবে দলের পক্ষ থেকে নির্বাচনে অংশ না নেওয়ার কথা বলা হলেও প্রার্থী হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বহী কমিটির সদস্য, সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী। বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

 

শিল্পপতি শফি আহমদ চৌধুরী চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তার ব্যক্তিগত সহকারি রাজু আহমদ রোববার দুপুরে বলেন, স্যার এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবেন। প্রার্থী হওয়ার জন্য ইতোমধ্যে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তিনি। সোমবার বিকেলে তিনি সিলেট এসে পৌঁছবেন।

 

শফি আহমদ চৌধুরী ২০০১ সালে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে সিলেট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের কাছে পরাজিত হন তিনি।

আরও পড়ুন  জামায়াত একটি দেশ প্রেমিক দল,তাদের কোন দোষ নেই : কর্নেল অলি

 

গত ১১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। তার মৃত্যুতে আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৮ জুলাই আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

 

শনিবার এই আসনে হাবিবুর রহমান হাবিবকে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে আওয়ামী লীগ। এর আগে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি নিজেদের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিককে প্রার্থী মনোনীত করে।

 

সাবেক সাংসদ শফি চৌধুরীর প্রার্থী হওয়ার ঘোষণায় এই আসনে জমজমাট লড়াইয়ের আশা করছেন ভোটাররা।

 

শফি চৌধুরীর সহকারী রাজু আহমদ বলেন, শফি আহমদ চৌধুরী মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেবেন। তার পক্ষ থেকে মনোনয়নপত্র উত্তোলন করে তা পূরণ করে জমার দেয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

 

শফি আহমদ চৌধুরীর প্রার্থী হওয়ার ঘোষণার ব্যাপারে জানতে চাইলে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, এমনটি আমিও শুনেছি। তবে নিশ্চিত করে কিছু জানি না। শফি চৌধুরী দেশের বাইরে থাকায় তার সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন  দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

 

কামরুল হুদা বলেন, এই নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। কেউ এই সিদ্ধান্ত অমান্য করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দলীয় নেতাকর্মীদেরও বলে দেওয়া হবে তার সাথে না থাকার জন্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ