সিলেটে “অাল্লাহর দলের” ৯ সদস্য আটক

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

সিলেটে “অাল্লাহর দলের” ৯ সদস্য আটক

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

সিলেট নগরীর আরামবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের ৯ সদস্যকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।

 

 

বুধবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ১৬ হাজার টাকা ও কিছু লিফলেট উদ্ধার করা হয়।

 

 

আটককৃত ৯ জনের মধ্যে ৫ জন বগুড়া থেকে সিলেটে এসে অবস্থান করেছিলেন বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১ টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে প্রেস কনফারেন্স করে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।

 

 

আটককৃতরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার খাপনা (ঈদগাহ বাজার) গ্রামের মুক্তাদির মিয়ার ছেলে কামাল আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলার শাহপুর গ্রামের আব্দুল আজিজ এর ছেলে তমি উদ্দিন সুমন, সিলেটের জালালাবাদ থানার হায়দরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে জুয়েল আহমেদ, গোলাপগঞ্জ থানার নালুয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে স্বপন আহমেদ, সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের মৃত মুকাদ্দেস আলীর ছেলে রাসেল আহমদ, বগুড়া সদর উপজেলার বড় কুমিড়া গ্রামের আব্দুল মান্নান আখন্দের ছেলে মো. মানিক আকন্দ ওরফে মেহেদি হাসান, নোয়াখালির মাইজদি থানার কৃষ্ণপুর গ্রামের আবুল কালামের ছেলে জহির উদ্দিন বাবর, কুমিল্লা সদর থানার রাজমঙ্গলপুর গ্রামের আব্দুল আলীর ছেলে আবুল কালাম আজাদ, রাজশাহির বাঘমারা থানার চেওখালি গ্রামের কায়েম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম ।

আরও পড়ুন  সিলেট ও ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান

 

 

কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃত ‘আল্লাহর দলের’ সদস্যরা এখানে অবস্থান করে নাশকতার পরিকল্পনা করছিলো। তবে কি ধরণের নাশকতার পরিকল্পনা করছিলো তা এখনো জানা যায়নি বলে জানানো হয়। এদের সাথে আর কারো যোগসূত্র আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

আটককৃতদের মধ্যে চাকরিজীবি ও এনজিও কর্মকর্তাও আছেন বলে জানিয়েছে পুলিশ।

 

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ