সুনামগঞ্জে বজ্রপাতে দুজন নিহত

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, মে ১, ২০১৮

সংবাদদাতা,সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর ও জামালগঞ্জ উপজেলায় আজ মঙ্গলবার দুপুরে পৃথক বজ্রপাতে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কৃষক আবদুর রশিদ (৪৫) ও জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের খুঁজারগাঁও গ্রামের কমলা কান্ত তালুকদার (৬০)। আহত হয়েছেন কমলা কান্তের দুই ছেলে প্রিন্স তালুকদার (২০) ও খুঁজারগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সৈকত তালুকদার (১৫) এবং একই গ্রামের পাণ্ডব তালুকদারের ছেলে জ্ঞান তালুকদার (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে খুঁজারগাঁও গ্রামের বাড়ির সামনের হাওরে কাজ করছিলেন কমলা কান্ত তালুকদার ও তাঁর দুই ছেলে। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই কমলা কান্ত নিহত হন। আহত হন দুই ছেলে প্রিন্স তালুকদার ও সৈকত তালুকদার। প্রিন্স ও সৈকতকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময় একই গ্রামের পাণ্ডব তালুকদারের ছেলে জ্ঞান তালুকদার (৪৫) বজ্রপাতে আহত হন। তাঁকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  চলুন গরুর চামড়া খাওয়া শুরু করি

বিষয়টি নিশ্চিত করে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আল ইমরান জানান, দুপুরে এক বাবা ও তাঁর দুই ছেলে সামনের হাওরে কাজ করছিলেন। তখন বৃষ্টিপাতের সময় বজ্রপাত হলে বাবা কমলা কান্ত ঘটনাস্থলেই নিহত হন। বাকি দুজনকে আহতাবস্থায় সিলেটে নেওয়া হয়েছে।

এদিকে, দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে মোল্লাপাড়া ইউনিয়নের আবুল হাসেমের ছেলে আবদুর রশিদ (৪৫) বজ্রপাতে নিহত হয়েছেন। সদর থানার ওসি শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ