সুরঞ্জিতের অবদান জাতি ভুলবেনা : খালেদা

প্রকাশিত: 3:28 PM, February 5, 2017

আওয়ামী লীগের প্রবীণ নেতা ও উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেন।

পৃথক শোক বার্তায় তারা প্রয়াত নেতার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

শোকবার্তায় খালেদা বলেন, স্বাধীনতা যুদ্ধের একজন সংগঠক হিসেবে তার রাজনৈতিক জীবনে দেশমাতৃকার মুক্তির জন্য সুরঞ্জিত সেনগুপ্ত যে অবদান রেখেছেন তা জাতি কোনোদিন ভুলবে না। তিনি একজন দক্ষ ও প্রাজ্ঞ রাজনীতিক হিসেবে দেশ ও দেশের মানুষের অধিকারের পক্ষে সোচ্চার থেকেছেন। সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন জাতীয় রাজনীতির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। দেশের স্বাধীকারের আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা ও মানুষের গণতান্ত্রিক অধিকারের সংগ্রামে তার অবদান ছিল উল্লেখযোগ্য। আমাদের রাষ্ট্রীয় সংবিধানের একজন রচয়িতা হিসেবে তার ভূমিকা এদেশের মানুষ চিরদিন মনে রাখবে।

খালেদা জিয়া সুরঞ্জিত সেনগুপ্ত এর আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

সর্বশেষ সংবাদ