হাইকোর্টেও জামিন পাননি জেকেজি’র ডা. সাবরিনা

প্রকাশিত: 1:42 PM, December 29, 2020

হাইকোর্টেও জামিন পাননি জেকেজি’র ডা. সাবরিনা

প্রভাতবেলা ডেস্ক:

করোনার রিপোর্ট জালিয়াতির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর জামিন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

 

এর আগে সোমবার (২৮ ডিসেম্বর) হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন সাবরিনা। সংশ্লিষ্ট বেঞ্চের দায়িত্বে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

 

এ দিকে, বিচারিক আদালতে মামলটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। রাষ্ট্রপক্ষে মোট ৪৩ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ ইতোমধ্যেই শেষ হয়েছে। এছাড়া পরবর্তী সাক্ষ্যের জন্য ৬ জানুয়ারি দিন ধার্য রয়েছে।

 

এর আগেও হাইকোর্টে জামিন চেয়ে প্রত্যাখ্যাত হন সাবরিনা। গত ৩ নভেম্বর জামিন চেয়ে তার করা আবেদনটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

 

প্রসঙ্গত, গত ২৩ জুন বাসা থেকে টাকার বিনিময়ে নমুনা সংগ্রহ করা এবং পরীক্ষা ছাড়াই নমুনার ফল দেওয়ার অভিযোগে জেকেজির সিইও আরিফুল হক চৌধুরীসহ ছয়জনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। পরে ১২ জুলাই ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তেজগাঁও বিভাগীয় উপপুলিশ (ডিসি) কার্যালয়ে আনা হয়। ওই সময় তাকে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা, ডিসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ