সিলেট | |
প্রকাশিত: 1:52 PM, April 26, 2018
প্রভাতবেলা প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সামিট অন উইমেন’ সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার তিন দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া যাচ্ছেন। সম্মেলনে প্রধানমন্ত্রী মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮’-তে ভূষিত হবেন।
প্রধানমন্ত্রী বিকেলে থাই এয়ারওয়েজের একটি বিমানে করে অস্ট্রেলিয়ার সিডনির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং বিমানটির ২৭ এপ্রিল সকালে সিডনি পৌঁছানোর কথা রয়েছে।
শেখ হাসিনা সিডনির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) শুক্রবার অনুষ্ঠেয় এক অনুষ্ঠানে ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক থিন এবং কসোভোর সাবেক প্রেসিডেন্ট অ্যাতিফেত জাহজাগার সঙ্গে এই গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ গ্রহণ করবেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক ‘গ্লোবাল সামিট অব উইমেন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে জন্য তাঁকে এই সম্মাননা পদকে ভূষিত করেছে।
গ্লোবাল উইমেন সামিট বিশ্বব্যাপী নারী নেতাদের ব্যবসা এবং অর্থনৈতিক বিষয়াবলি-সংক্রান্ত একটি বার্ষিক সম্মেলন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) একটি সূত্র জানায়, এ সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্তকরণে তাঁর সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন।
প্রধানমন্ত্রী তাঁর এই সফরকালীন ২৮ এপ্রিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল ইন্টারকন্টিনেন্টাল সিডনিতে অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ সৌজন্য সাক্ষাৎ করবেন।
শেখ হাসিনা ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন এবং ২৮ এপ্রিল হোটেল সোফিটেল-এ একটি অনুষ্ঠানে যোগ দেবেন। তাঁর ২৯ এপ্রিল অস্ট্রেলিয়া ত্যাগ করে পরের দিন দেশে ফিরে আসার কথা রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি