সিলেট | |
প্রকাশিত: 2:00 PM, April 26, 2021
প্রভাতবেলা ডেস্ক:
নাশকতার দুই মামলায় ফের হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সাথে হেফাজত ইসলামের জুনায়েদ আল হাবিব ও জালালুন্দীন কাশেমীকেও সাত দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) সকালে মোহাম্মদপুর থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও চুরির মামলায় সাত দিনের রিমান্ড শেষে পুনরায় মামুনুল হককে আদালতে হাজির করে পুলিশ।
পরে মতিঝিল ও পল্টন থানার পৃথক দুই মামলায় তার ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়। তবে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী শুনানি শেষে মামলার আসামি মামুনুল হক, জুনায়েদ আল হাবিব ও জালালুন্দীন কাশেমীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় মতিঝিল থানার মামলা ও চলতি বছরের মার্চে বায়তুল মোকারমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে মামুনুলের দশ দিন করে মোট বিশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে পল্টন থানার মামলায় চার দিন ও মতিঝিল থানার মামলায় তিন দিন করে মোট ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে গত ১৯ এপ্রিল ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল হক। পরে শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম সেদিন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর একদিন আগে গত ১৮ এপ্রিল দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা করা হয়। এছাড়া চলতি বছরের মার্চ মাসে বায়তুল মোকারমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় আরেকটি মামলা করা হয়। এই দুই মামলায় আদালত সোমবার মামুনুল হক, জুনায়েদ আল হাবিব ও জালালুন্দীন কাশেমীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি