কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

প্রকাশিত: 12:30 PM, August 13, 2020

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

 

প্রতিনিধি, কুড়িগ্রাম:

রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের আরডিআরএস বাজারের কাছে বিআরটিসি বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩জন একই পরিবারের সদস্য। এছাড়াও প্রাইভেট কারের চালকও নিহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৫৬৮৮) বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারকে (ঢাকা মেট্রো-গ ২৫-৯৫৯৫) মুখোমুখি ধাক্কা দিলে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।

এ দুর্ঘটনায় প্রাইভেট কারের চালক নরসিংদী শহরের মৃত: শাহেদ আলীর পুত্র সোহেল মিয়া ঘটনাস্থলেই মারা যান এবং যাত্রী নরসিংদী জেলার শিশু পরিবারে কর্মরত সিনিয়র কারিগরি প্রশিক্ষক (টিআই) আকবর হোসেন (৬২), তার স্ত্রী বিলকিছ বেগম (৪৫) ও পূত্র বেলাল হোসেন (২৬) হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

এ ঘটনায় আহত হয় আকবর হোসেনের মেয়ে আয়শা সিদ্দিকা (১৪) ও প্রাইভেট কারের সহকারী চালক সোহেল মিয়ার ভাতিজা ও জালাল উদ্দিনের পুত্র ওয়াসিম।

আরও পড়ুন  টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনার পর দুই ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আহতদের উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করে দেয়। মর্মান্তিক এ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

কুড়িগ্রাম সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, বিআরটিসি বাসটি চিলমারী থেকে গোপালগঞ্জের দিকে এবং প্রাইভেট কারটি নরসিংদী থেকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দিকে যাচ্ছিল। আরডিআরএস বাজারের কাছে দুর্ঘটনার পর বিআরটিসি চালক পালিয়ে যায়। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে ৩জন মারা যায়।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেদওয়ান ফেরদৌস সজীব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, একজন ঘটনাস্থলে এবং ৩জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সর্বশেষ সংবাদ