ক্লাস বর্জন অব্যাহত, পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, মে ১৯, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদকঃ কোটা বাতিলের ঘোষণায় প্রজ্ঞাপন জারির দাবিতে ক্লাস বর্জন অব্যাহত রেখে পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কোটাবিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন।

হাসান আল মামুন বলেন, রমজান ও সেশনজটের কথা চিন্তা করে এ ধরণের কর্মসূচি গ্রহণ করা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, নুরুল হক নুর ও ফারুক হোসেন।

কোটাবিরোধী আন্দোলনের আহ্বায়ক বলেন, ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীদের মারধর, নির্যাতন, হল ত্যাগের হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে’।

হাসান আল মামুন বলেন, ‘একটি অতি উৎসাহী ও কুচক্রি মহল সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য এসব নোংরা ও ঘৃণ্য কাজ করে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ‍ও প্রতিবাদ জানাই। পবিত্র রমজান মাস ও সেশনজটের কথা বিবেচনা করে পরীক্ষা বর্জনের কর্মসূচি স্থগিত করা হলো। কিন্তু প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি চলমান থাকবে’।

আরও পড়ুন  দেশের বিভিন্ন রুটে চলবে দ্রুতগতির বুলেট ট্রেন

উল্লেখ্য, গত ৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে।

পরে ১১ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে কোটাপদ্ধতি বাতিল ঘোষণা করে সব চাকরিতে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর দিন শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত ঘোষণা করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল বের করে।

তবে কোটাপদ্ধতি বাতিল ও প্রজ্ঞাপণ প্রকাশ না করার ফলে আবার রাজপথে নামে শিক্ষার্থীরা ।

গত সোমবার (১৪ মে) শাহবাগের অবরোধ স্থগিত করে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর।

গত ২মে সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কোটা বাতিলের বিষয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী বলেন, কোনো ধরনের ক্ষোভ থেকে সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়নি। ছাত্ররা কোটাব্যবস্থার বাতিল চেয়েছে, বাতিল করে দেয়া হয়েছে।

আরও পড়ুন  বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় ৩৯তম শেখ হাসিনা

তবে সোমবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিল বা সংস্কারের বিষয়ে কোনো অগ্রগতি নেই।

একদিন পর মঙ্গলবার (১৫ মে) দুপুরে হাসান আল মামুন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কোটা বাতিলের প্রজ্ঞাপন চেয়ে চলমান ছাত্র ধর্মঘটে পরীক্ষা বর্জন না করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা।

শনিবার সংবাদ সম্মেলনে পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত করার সেই ঘোষণাই দিলেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ