চান্দাই ছাহেববাড়িতে মুর্শিদ-মুরিদানদের মিলনমেলা : আসছেন আধ্যাত্মিক রাহবাররা

প্রকাশিত: 5:28 PM, February 17, 2017

রেজাউল হক ডালিম, ছাহেববাড়ী , চান্দাই, সিলেট থেকে:
আধ্যাত্মিকদের তীর্থভূমি সিলেটে ‘সুফি প্রথার’ হিরকখচিত স্বাক্ষর বহনকারী দক্ষিণসুরমার প্রাগৈতিহাসিক ‘চান্দাই ছাহেব বাড়ি’তে আজ ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বসেছে মুর্শিদ-মুরিদানদের এক অপূর্ব মিলনমেলা। তাশরিফ আনছেন উপমহাদেশের আধ্যাত্মিক রাহবাররা। উপমহাদেশের সুখ্যাত কামিল বুজুর্গদের একনজর দেখার জন্য, তাদের নির্মল সান্নিধ্যে কিছু মুহুর্ত কাটানোর উদ্দেশ্যে আজ চান্দাই ছাহেববাড়িতে ঢল নামছে হাজার হাজার ভক্ত-আশিকার ও ধর্মপ্রাণ মানুষের।
দক্ষিণ সুরমার চান্দাই গ্রামের শাহ সুফি মাওলানা জহির উদ্দিন আমহদ (র.) ও তার সুযোগ্য পুত্র শাহ সুফি আশরাফ উদ্দিন আহমদ ‘নক্সবন্দি মোজাদ্দেদি ইব্রাহিমী’ (র.)-এর ওফাত দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল ১১টা থেকেই শুরু হয়েছে বার্ষিক ফাতেহা শরিফ। চান্দাইস্থ ছাহেব বাড়ি প্রাঙ্গণে এ মুবারক মাহফিল চলবে পরদিন ফজর পর্যন্ত।
সকাল ১১টায় খমতে কুরআনের মধ্য দিয়ে শুরু হয়েছে মুবারক মাহফিলের প্রথম অধিবেশন। বাদ জুম্মা ‘চান্দাই ছাহেব বাড়ি ফাতেহা শরিফ বাস্তবায়ন কমিটি’র আহ্বায়ক ও ছাহেব বাড়ির বড় ছাহেব মাওলানা জালাল উদ্দিনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় অধিবেশন। বড় ছাহেবের আম বয়ানের পর বয়ান পেশ করেন চান্দাই ছাবের খলিফা হজরত মাওলানা কাজি কওছর উদ্দীন এবং স্থানীয় মসজিদের ইমাম ও খতিব শামসুজ্জামান শমসের সাহেব। আছরের নামাজের পূর্ব পর্যন্ত চলে উনার নছিহতি বয়ান।
জানা গেছে, আয়োজিত ফাতেহা শরিফে বিভিন্ন অধিবেশনে প্রদান করা হবে নসিহতি বয়ান, তা’লিম-তরবিয়ত এবং সম্পন্ন হবে খতমে কুরআন ও সমগ্র জাতির জন্য বিশেষ দোয়া।
এতে সভাপতিত্ব করবেন সুদূর ভারত থেকে আগত হজরত মাওলানা শাহ মাবরুর আহমদ খান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত হবেন ভারতের মুফতি সাইয়্যেদ মুহাম্মদ এহসানুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকী জৌনপুরী এবং বিশেষ মেহমান হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিমান ক্বারী সাইয়্যেদ মুহাম্মদ ওবায়েদউল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকী জৌনপুরী।
তা’লীম ও তরিবায়াত পেশ করবেন মাওলানা কাজি রফিক আহমদ, মাওলানা কাজি আবদুল হাদি ও মাওলানা জালাল উদ্দিন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ফাতেহা শরিফে আগমন করবেন হজ. মাওলানা খিজির আহমদ চাঁদপুরী, মাওলানা. মুস্তাফিজুর রহমান আল-আজহারি মিশরী, মাওলানা ইব্রাহিম খলিল ছাবেরী ও মাওলানা হাফিজ বদরুল হক ইউকে।
এদিকে, এ ফাতেহা শরিফে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ইসলামী বিষয়ে প্র্শ্ন-উত্তর পর্ব। জিজ্ঞাসার উত্তর প্রদান করবেন মাওলানা মুজিবুর রহমান ভাদেশ্বরী ও মাওলানা আবদুল মুছাব্বির।
জানা গেছে, ‘চান্দাই ছাহেব বাড়ি ফাতেহা শরিফ বাস্তবায়ন কমিটি’র শাখা-উপ-শাখা সারা সিলেট বিভাগ এবং সিলেটের বাইরেও গঠিত আছে। সেসব কমিটির নেতৃবৃন্দর আগের দিন থেকেই ছাহেববাড়িতে অবস্থান করেন এবং ফাতেহা শরিফের দিন বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন। ফাতেহা শরিফে এবারে ২০ হাজারেরও অধিক লোক সমাগম ঘটবে বলে বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দরা জানান।
উল্লেখ্য, ‘চান্দাই ছাহেব বাড়ি ফাতেহা শরিফ’র মিডিয়া পার্টনার দৈনিক প্রভাতবেলা। আজ ফাতেহা শরিফের মূল অধিবেশন থেকে মুহুর্তে মুহুর্তে মুবারক মাহফিলের আপডেট এবং পীর-মাশায়েখদের নছিহতি বয়ান সচিত্র এবং বিস্তারিতভাবে পাবেন দৈনিক প্রভাতবেলার অনলাইন ভার্সনে। চোখ রাখুন www.dailyprovatbela.com

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ