দক্ষিণ সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১

প্রকাশিত: 7:19 PM, March 7, 2020

দক্ষিণ সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১

 

প্রতিনিধি, সুনামগঞ্জ:

দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় দুই পক্ষের সংঘর্ষে হাবিবুর রহমান হাবু (৩৫) নামের একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ীদের দোকানপাট ভাংচুর করা হয়েছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

শনিবার (০৭ মার্চ) দুপুর ১ টায় উপজেলার পাগলা বাজারে পাওনা টাকাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সুত্রে জানা যায়, পশ্চিম পাগলা ইউপির কান্দিগাঁও গ্রামের ময়না মিয়ার ছেলে সাইফের (২০) সাথে পাওনা টাকার জেরে একই ইউপির ব্রাক্ষণগাঁও গ্রামের সিএনজি চালক হাবিবুর রহমানের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সাইফের আঘাতে হাবু গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় আহত হাবুকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

 

এদিকে হামলাকারী সাইফ আহত হাবুর সিএনজি (রেজি. নং- সুনামগঞ্জ থ-১১০৪৪২) তার বাড়িতে নিয়ে আটক করে রাখেন। খবর পেয়ে গাড়ির মালিক একই ইউপির চন্দ্রপুর গ্রামের আ. গফুরের ছেলে রুহুল মিয়া (৩৫) গাড়ি নিতে সাইফের বাড়িতে আসলে সাইফ পাওনা টাকা ছাড়া গাড়ি দিতে অস্বীকৃতি জানান। এতে রুহুল মিয়া ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে বাস স্ট্যান্ড এলাকায় হামলা চালান। এতে বাস স্ট্যান্ড এলাকায় প্রায় ১০ টি দোকানে ভাংচুর করা হয়। যার আনুমানিক ক্ষতির পরিমাণ দুই লক্ষাধিক টাকা দাবি করেছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন  পাগলীটা মা হয়েছে, বাবা হলো কে?

 

দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই আলাউদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এবং সমস্যার সমাধানের জন্য বিচার প্রক্রিয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে দুই পক্ষ বিচার প্রক্রিয়ায় সমাধানের জন্য সম্মতি জানিয়েছেন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ