নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত: 7:29 PM, November 10, 2020

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

প্রভাতবেলা ডেস্ক:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের নড়াগাতি থানার মূলখানা গ্রামে দুইপক্ষের সংঘর্ষে রায়হান ফকির রানা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত রায়হান ফকির রানা মূলখানা গ্রামের ফায়েক ফকিরের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানান- এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াগাতি থানার মূলখানা গ্রামের সবুর ফকির ও মান্নান শিকদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার দুপুরে মান্নান শিকদার গ্রুপের লোকজন প্রতিপক্ষের ওপর হামলা করে বলে অভিযোগ।

এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রায়হান ফকির রানা, মশিয়ার চৌকিদার, চাঁন মিয়া, নাসির শেখ ও আরজ আলী ফকিরসহ অন্তত ১০ জন গুরুতর জখম হন। গোপালগঞ্জ হাসপাতালে নেয়ার পথে রানা মারা যান।

সহকারী পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার বলেন, আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। নিহত রানা সবুর পক্ষের সমর্থক বলে জানা গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ