সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩
মাঠে ময়দানে ডেস্ক:
আজ আহমেদাবাদে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে বিশ্বকাপের প্রথম ম্যাচ।
ভারতে সবচেয়ে বেশি তুলা উৎপাদন হয় গুজরাটে। এজন্য এই শহরকে বলা হয় ‘ম্যানচেস্টার অব ইন্ডিয়া’। সেই শহরে ১০০ ওভারের ক্রিকেট ম্যাচের ফিতে কাটা হবে। বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে শুরু উদ্বোধনী ম্যাচ দিয়ে ৪৬ দিনের রোমাঞ্চ-শিহরণ, উন্মাদনা-উত্তেজনা ছড়িয়ে পড়বে। যার সমাপ্তি ১৯ নভেম্বর সেই আহমেদাবাদেই। শুরু ও শেষ একই শহরে। ভারতের ১০টি ভেন্যুতে ৪৬ দিনে ৪৮ ম্যাচে ১০টি দল ব্যাট-বলের খেলার সৌকর্য ও গরিমা উন্মোচনে নিজেদের সামর্থ্যরে সবটুকু নিংড়ে দিতে চেষ্টার কোনো ত্রুটি করবে না। অংশ নেওয়া ১০টি দল হলো-পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, নেদারল্যান্ডস ও স্বাগতিক ভারত। এই বিশ্বকাপের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এই যে, প্রথম দুবারের (১৯৭৫ ও ১৯৭৯) চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নেই। বাছাইপর্বের বৈতরণী পার হতে ব্যর্থ হয় একসময়ের দাপুটে ক্যারিবীয়রা। এ যেন অনেকটা ‘ফুলের জলসায় নীরব কবি’র মতো।
এদিকে সাকিব-তামিম বিরোধ-উত্তর বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে ৭ অক্টোবর ধর্মশালায়, আফগানিস্তান ম্যাচ দিয়ে। এই ম্যাচ শুরু হবে বেলা ১১টায়। হিমাচল প্রদেশের শীতকালীন রাজধানী, ছবির মতো সুন্দর পর্বতের শহর ধর্মশালায় সাকিব-নাজমুলরা নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবেন ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাস অনেক চড়াই-উতরাই, ঘাত-প্রতিঘাত, বিতর্ক-বিপর্যয়ে ঋদ্ধ। দুবারের শিরোপাজয়ী (১৯৮৩ ও ২০১১) ভারত এবারের আয়োজক দেশ। যারা শেষবার ২০১১ সালে স্বভূমিতে এই সংস্করণের বিশ্বকাপ জিতেছিল অল-এশিয়ান ফাইনালে শ্রীলংকাকে ছয় উইকেটে হারিয়ে। ফাইনালের প্রসঙ্গ যখন উঠল, গতবারের কথা বলতেই হয়। চার বছর আগে ২০১৯ বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ভুলে যাওয়ার কথা নয় ক্রিকেটপ্রেমীদের। লর্ডসে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল টাই হয়। সুপার ওভারেও ম্যাচের নিষ্পত্তি হয়নি। অর্থাৎ, টাই। হাস্যকর এক সিদ্ধান্তে বেশি বাউন্ডারি মারার সুবাদে বিজয়ী ঘোষণা করা হয় ইংল্যান্ডকে। আর নিউজিল্যান্ডের সম্বল হয় কান্না। সুখের বিষয়, এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শুভ বুদ্ধির উদয় হয়েছে। নতুন নিয়মে এখন থেকে ম্যাচের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যতবার টাই হবে ততবার সুপার ওভার চলবে।
একদিবসী ক্রিকেটের বৈশ্বিক আসরে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। ১৯৭৫ থেকে ২০১৯ পর্যন্ত ১২ আসরের মধ্যে তারা চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার। ২০০৭-এ শেষ হাসি হাসার মধ্য দিয়ে প্রথম দল হিসাবে তারা টানা তিনটি বিশ্বকাপ জেতার গৌরব অর্জন করে। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুবার করে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া পাকিস্তান (১৯৯২), শ্রীলংকা (১৯৯৬) এবং ইংল্যান্ড (২০১৯) একবার করে শিরোপার স্পর্শ পায়।
এবারে বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে একাধিকবার সূচি পরিবর্তন, ভিসা জটিলতা, পাকিস্তান দলের ভেন্যু নিয়ে আপত্তি-সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগে সমালোচনায় বিদ্ধ হয় ভারত। জৌলুশপূর্ণ আয়োজনে অন্য আসরগুলোকে ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ভারতের। কিন্তু শুরুতেই গলদ। শোনা গিয়েছিল উদ্বোধনীতে বিশ্বকে চমকে দেবে তারা। বলিউডের রথী-মহারথীরা থাকবেন। উপস্থাপন করা হবে ভারতের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য। কিন্তু এসবের কিছুই হয়নি। ভারতীয় গণমাধ্যমের দাবি, টেননিক্যাল কারণে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেনি ভারত।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি