“ব্রাদার্সকে ১৯ রানে অলআউট করে বিশাল জয় পেলো জিমখানা”

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৪

“ব্রাদার্সকে ১৯ রানে অলআউট করে বিশাল জয় পেলো জিমখানা”

তানজীল শাহরিয়ার :

গতকাল অ্যাপোলো ইলেভেন ৩২ রানে অলআউট হয়েছিলো। আজকে মাত্র ১৩.৪ অভারে ১৯ রানে অলআউট হয়ে ব্রাদার্স অ্যাপোলো ইলেভেনকেও ছাড়িয়ে গেলো! ব্রাদার্স ইউনিয়নকে লজ্জায় ডুবিয়ে ১৬৯ রানের বিশাল ব্যবধানে জিতে লিগে টানা ৫ম জয় তুলে নিলো ঐতিহ্যবাহী জিমখানা ক্লাব।

সকালে ঘন কুয়াশায় খেলা বিলম্বে শুরু হয়েছে। ৩৫ অভারের ম্যাচ হবে সিদ্ধান্ত হয়। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিমখানা ক্লাব। মাত্র তিন রানেই দুই উদ্বোধনী ব্যাটারকে হারায় তারা। বক্কর এবং সাদি রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরত যান।

২য় উইকেটে ৬৭ রান তোলেন ইফতেখার এবং কামরুল। তাদের এই জুটিতেই বিপর্যয় সামলে ঘুরে দাঁড়ায় জিমখানা। তবে উপর্যুপুরি দুই উইকেট তুলে নিয়ে আবারো ব্রাদার্স চাপে ফেলে জিমখানাকে। কামরুলের পর মেহদিও আউট হয়ে যান।

৫ম উইকেটে গালিব এবং ইফতেখার ৬৪ রান তুলে জিমখানাকে ম্যাচে চালকের আসনে নিয়ে আসেন। এবারের লিগে ১ম শতক হাঁকানো গালিব ঝড়ো গতিতে ব্যাট চালিয়ে মাত্র ৩৫ বলে অর্ধশতক পূর্ণ করেন।

আরও পড়ুন  কমলগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

গালিবের ব্যাটিংই জিমখানাকে দুইশ’ রানের কাছাকাছি স্কোর করতে পথ করে দিয়েছে।

৩৪.৪ অভারে সব উইকেট হারিয়ে ১৮৮ রান তুলে ইনিংস শেষ করে জিমখানা।

গালিব মাত্র ৪২ বলে ৫৯ রান করেন। ইফতেখার ৪৮, কামরুল ২৯ রান তুলেছেন। এই তিন ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্কের স্কোর করতে পারেননি। অতিরিক্ত খাত থেকে আসে ৩০ রান, যার মধ্যে ১৬টি ছিলো ওয়াইড!

ব্রাদার্সের ১১ ব্যাটারের মধ্যে ৭ জন কোনো রান না করেই সাজঘরে ফেরত আসেন! জিমখানার বোলারদের সামনে প্রত্যেকে অসহায় আত্মসমর্পণ করেছেন। যেন ‘ব্যাটিং’ করতেই ভুলে গেছেন সবাই। হৃদয় (৮), সামাদ (৪), আবির (৩), সাদিক (১*) রান তোলায় ব্রাদার্স শেষ পর্যন্ত দুই অঙ্কের ঘরে পৌঁছেছে। ৩৫ অভারের ম্যাচেও মাত্র ১৩.৪ অভারেই গুটিয়ে গেছে ব্রাদার্সের ব্যাটিং।

জিমখানার অফ স্পিনার কামরুল ৫ অভারে ৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। আরিফ এবং জামিল ১ রান করে দিয়ে ২টি করে উইকেট পেয়েছেন। ২ উইকেট পাওয়া মেহদি ছিলেন জিমখানার সবচেয়ে ‘খরুচে’ বোলার! ৮ রান দিয়েছেন তিনি। মুশফিকুর ১ উইকেট পেতে ব্যয় করেছেন ৪ রান। জিমখানার সব বোলারই উইকেট পেয়েছেন এই ম্যাচে।

আরও পড়ুন  ফেব্রুয়ারিতে আইপিএলের নিলাম

১৬৯ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট লিগের ঐতিহ্যবাহী ক্লাব জিমখানা।

অলরাউন্ড নৈপূণ্যের সুবাদে প্লেয়ার অফ দ্যা ম্যাচ হন কামরুল ইসলাম।

সর্বশেষ সংবাদ