মায়ের হাতেই নিভে গেল মেয়ের জীবন প্রদীপ

প্রকাশিত: 1:55 PM, June 15, 2020

মায়ের হাতেই নিভে গেল মেয়ের জীবন প্রদীপ

 

প্রতিনিধি, দিনাজপুর:

 

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরে মায়ের হাতে ফাতেমা বেগম (১৪) নামে এক কিশোরী খুন হয়েছে। এ ঘটনার পর ওই কিশোরীর মা রহিমা বেগমকে (৩৫) আটক করেছে পুলিশ।

 

সোমবার (১৫ জুন) ভোরে নিহত কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

এর আগে রবিবার (১৪ জুন) সন্ধ্যায় জেলার নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের বিনোদনগর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান জানান, কয়েকদিন আগে নবাবগঞ্জ উপজেলার পাঠানগঞ্জে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে যায় ফাতেমা। সেখানে এক ছেলে ফাতেমাকে একটি মোবাইল উপহার দেয়। বিষয়টি সে মাকে না জানিয়ে গোপন রাখে। একপর্যায়ে রবিবার বিকালে বাড়ির আম গাছে আম পাড়তে উঠলে তার মা মোবাইল ফোনটি দেখে ফেলেন। পরে তিনি মোবাইলটি ঘরের শো-কেসে রেখে পাশের গ্রামে বড় মেয়ের শ্বশুরবাড়ি যান। এই সুযোগে ফাতেমা শো-কেসের ড্রয়ার ভেঙে মোবাইল বের করে নেয়।

আরও পড়ুন  এবার খিলগাঁও চেকপোস্ট ॥ র‌্যাবের গুলিতে হামলাকারী নিহত

পরবর্তীকালে তার মা বাড়িতে এসে বিষয়টি দেখে লাঠি দিয়ে বেদম মারধর করেন ফাতেমাকে। একপর্যায়ে মেয়ের গায়ের ওড়না দিয়ে গলা বেঁধে চাপ দেন। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই ফাতেমা মারা যায়।

 

বিষয়টি এলাকাবাসী দেখে রহিমা বেগমকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তার মাকে আটক করে এবং ফাতেমার মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

 

এ ঘটনায় মেয়ের চাচা আলম মিয়া বাদী হয়ে রহিমা বেগমের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ