সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৮
মোস্তাফিজ আমিন, ভৈরব : আজ ২০ মার্চ সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী। নানা আয়োজন আর কর্মসূচিতে তাঁর জন্মস্থান কিশোরগঞ্জের ভৈরবে দিনটি পালন করছেন আওয়ামী লীগ নেতাকর্মী ও তাঁর স্বজনরা।
দিবসটি উপলক্ষে ভৈরব উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে কোরআনখানি, কালো ব্যাজ ধারণ, মরহুমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জিল্লুর রহমানের নিজ বাড়ি আইভি ভবনে আয়োজন করা হয়েছে কোরআনখানি ও দোয়া মাহফিলের।
১৯২৯ সালের ৯ মার্চ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের বলাকী মোল্লার বাড়িতে জন্মগ্রহণ করেন জিল্লুর রহমান। ভাষা আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের জিএস ছিলেন। দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও ক্রান্তিলগ্নে তাঁর ভূমিকা অবিস্মরণীয়। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি। দল-মত নির্বিশেষে জিল্লুর রহমান সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য ছিলেন। আর এ জন্যই ভৈরব-কুলিয়ারচর আসন থেকে তিনি ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।
অহিংস রাজনীতির প্রবাদপুরুষ, ভাষাসৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিল্লুর রহমান দেশের ১৯তম রাষ্ট্রপতি থাকাকালীন ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান।
২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি জিল্লুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন।
এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ দলীয় সরকার গঠন হলে জিল্লুর রহমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া স্বাধীনতার পর তিনি তিনবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
জিল্লুর রহমানের স্ত্রী ছিলেন মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আইভি রহমান। ২০০৪ সালের ২১ আগস্ট দলীয় জনসভায় গ্রেনেড হামলায় আহত হয়ে ২৪ আগস্ট মৃত্যুবরণ করেন আইভি রহমান। তাঁদের ছেলে নাজমুল হাসান পাপন বর্তমানে জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডর (বিসিবি) সভাপতি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি