রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীন, রাশিয়া, ভারত ও জাপানকে পাশে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৮

রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীন, রাশিয়া, ভারত ও জাপানকে পাশে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রভাতবেলা প্রতিবেদকঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) একটি প্রতিনিধিদল আজ সোমবার (৩০ এপ্রিল) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। সেসময় প্রধানমন্ত্রী রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীন, রাশিয়া, ভারত ও জাপানের আরো জোরালো ভূমিকার আহ্বান জানান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো আদোলফো মেহা কুয়াদ্রা ভেলাসকেসের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও চীনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাক্ষাতের বিষয়ে পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, রোহিঙ্গা সঙ্কট সমাধানে প্রধানমন্ত্রী বলেন, আমরা চীন, রাশিয়া, ভারত ও জাপানের আরো জোরালো ভূমিকা প্রত্যাশা করছি। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী মিয়ানমারের কাজ করা উচিৎ মন্তব্য করে শেখ হাসিনা এ সমস্যা সমাধানে সহযোগিতা ও সাহায্য সম্প্রসারণ করায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশংসা করেন। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর জোরালো চাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ‘শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সংঘাত চায় না এবং এ সমস্যার শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছে। সেসংগে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কফি আনান কমিশনের সুপারিশ পূর্ণাঙ্গ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার সফর এবং দেশটির সমাজকল্যাণ মন্ত্রীর বাংলাদেশ সফর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের তত্ত্বাবধানেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন হতে হবে’। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে মিয়ানমার সরকার রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নিতে গত বছর ডিসেম্বরে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও তাতে কোনো অগ্রগতি নেই। শরণার্থী প্রত্যাবাসন দ্রুত শুরু করতে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার মধ্যে নিরাপত্তা পরিষদের সদস্যরা পরিস্থিতি সরেজমিন দেখতে এলেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি কেলি কারি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার মাধ্যমে মানবিক দিক থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নতুন একটি স্টান্ডার্ড তৈরি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ