শায়েস্তাগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: 3:09 PM, December 17, 2023

শায়েস্তাগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

 

লিটন জেলার বাহুবল উপজেলার ভুগলী গ্রামের লাল মিয়ার ছেলে। রোববার (১৭ ডিসেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।

স্থানীয়রা জানান, শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা এলাকায় সড়কের পাশে লিটন মিয়া নামে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে তারা বিষয়টি পুলিশকে অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) উত্তম কুমার দাশ জানান, প্রাথমিকভাবে আলামত দেখে ধারণা করা হচ্ছে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। তবে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ