সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মহিউদ্দীনের বাড়ি থেকে তিনটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। যুবলীগ নেতা মহিউদ্দীন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মুজিবর রহমানের কর্মী।
শনিবার (৫ ডিসেম্বর) সকালে যুবলীগ নেতা মহিউদ্দীন তার বাড়ির পাশ্বস্থ রান্নাঘরে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে বোমা সাদৃশ্য বস্তুগুলো দেখে সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনসহ প্রশাসনকে বিষয়টি জানালে পরে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত অবস্থায় পেট্রোল বোমা তিনটি উদ্ধার করে।
এর আগে শনিবার দিবাগত রাত ১২টার দিকে কোনো এক অজ্ঞাত সোর্সের তথ্যের ভিত্তিতে যুবলীগ নেতা মহিউদ্দীনের বাড়িতে দেবহাটা থানার এসআই মিজানের নেতৃত্বে ঘন্টাব্যাপী অভিযান চালায় পুলিশ। সেসময়ে পুলিশ সদস্যরা মহিউদ্দীনের বেডরুমসহ বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি করেও পেট্রোল বোমা কিংবা কোনো অবৈধ মালামাল খুঁজে পায়নি।
এদিকে যুবলীগ নেতার বাড়ির রান্নাঘর থেকে পেট্রোল বোমা উদ্ধারের ঘটনাকে পূর্বপরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ পর্যায়ের নেতারা।
দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মুজিবর রহমান বলেন, আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে অন্যান্য ইউনিয়নের মতো সখিপুর ইউনিয়নেও আমি জনসমর্থনে এগিয়ে আছি। সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনের নেতৃত্বে যুবলীগ নেতা মহিউদ্দীনসহ মুলদল ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার কর্মী-সমর্থকরা দিনরাত নৌকার পক্ষে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। মূলত আসন্ন উপ নির্বাচনে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং আমার কর্মী-সমর্থকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলামের লোকজন রাতের আঁধারে যুবলীগ নেতা মহিউদ্দীনের বাড়ির রান্নাঘরে ওই পেট্রোল বোমাগুলো রেখে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে বলেও দাবী করেন তিনি।
একইসাথে অজ্ঞাত যে ব্যক্তি পুলিশকে পেট্রোল বোমার তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে তাকে আইনের আওতায় এনে মূল রহস্য উদঘাটনেরও দাবি জানান তিনি।
তবে ষড়যন্ত্রমূলোকভাবে পেট্রোল বোমা রাখার অভিযোগ অস্বীকার করেছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, পেট্রোল বোমা উদ্ধারের ঘটনা অনুসন্ধানে ইতোমধ্যেই পুলিশ মাঠে নেমেছে। তদন্ত শেষে ঘটনার মূল রহস্য উন্মোচন করা হবে এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী বলেন, ঘটনাটি ষড়যন্ত্রমূলক কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ১০ ডিসেম্বর সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উপ নির্বাচন সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
নির্বাচন ঘিরে যদি কোন ব্যক্তি বা গোষ্টি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে তাহলে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে বলেও হুশিয়ারি করেন তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি