সিলেট | |
প্রকাশিত: 3:00 PM, January 28, 2021
প্রভাতবেলা ডেস্ক:
অবৈধভাবে ভারতের প্রবেশের প্রস্তুতিকালে ২২ বাংলাদেশিকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে সাতক্ষীরার বাশদহ ইউনিয়নের কুলিয়াডাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
এসময় পাচারকারী চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকারী চক্রের সহযোগী ভ্যানচালক মোখলেছুরের স্ত্রী নাসিমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আটকদের মধ্যে ১০ জন পুরুষ, ১০ জন প্রাপ্তবয়স্ক নারী ও দুইজন অপ্রাপ্ত বয়স্ক শিশু কন্যা রয়েছেন। যার মধ্যে লড়াইল জেলার ১৫ জন, খুলনার তিনজন, ব্রাহ্মণবাড়িয়ার দুইজন, রংপুরের একজন ও মুন্সিগঞ্জের একজন।
আটকরা জানান, তারা কাজের জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছে। টাকার বিনিময়ে পাসপোর্ট ছাড়াই ভারতে পার করে দেবে বলে গত মঙ্গলবার তাদের মোখলেছুরের বাড়িতে নিয়ে আসে। তাদের থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে গত বুধবার ভোর রাতে ভারতে প্রবেশের কথা থাকলেও সুযোগ না হওয়ায় বৃহস্পতিবার রাতে তলুইগাছা সীমান্ত দিয়ে ভারতে পার করে দেওয়ার কথা ছিল।
এদিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক নাছিমা বেগম জানান, তার স্বামী মোখলেছুর একজন ভ্যানচালক। তিনি এই দালাল চক্রের সঙ্গে জড়িত নয়।
তবে তাদের বাড়িতে এই ২২ জন কেন অবস্থান করছে এমন প্রশ্নের জবাবে নাসিমা বেগম জানান, সাতক্ষীরা কলারোয়া কেড়াগাছির আনারুল ইসলাম ও একই গ্রামের কাজিরুল ইসলাম এবং বাশদহ ইউনিয়নের তলুইগাছা গ্রামের বাবলু এই ২২ জনকে তাদের বাড়িতে রেখে গেছেন। তাদের খাওয়া বাবদ ৫০ টাকা করে দেয় দালালেরা। এর বাইরে আর কিছু জানেন না তিনি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামন জানান,সাতক্ষীরা বাশদহ ইউনিয়নের কুলিয়াডাঙ্গা গ্রামের মোখলেছুরের বাড়িতে বিভিন্ন জেলা থেকে আগত কিছু লোকজন অবৈধভাবে ভারতে প্রবেশ করবে বলে অবস্থান করছে। এমন গোপন সংবাদে তিনি ও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুরহান উদ্দীন ঘটনাস্থলে এসে দেখেন, মোখলেছুরের বাড়িতে একটি ঘরে ১০ জন পুরুষ ও আর একটি ঘরে ১২ জন মেয়ে অবস্থান করছে। যার মধ্যে দুইটি শিশু কন্যাও আছে। পরে তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সকলে স্বীকার করেন, তারা কেউ ১০ হাজার, কেউ ১৭ হাজার কেউ বা ১৮ হাজার টাকার বিনিময়ে ভারতে প্রবেশ করবে বলে এখানে এসেছে। তবে তারা কেউ দালাল চক্রের সদস্যদের চেনেন না। মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে এসেছেন। পরে তাদের আটক করে সদর থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এছাড়া,তাদের সকলের অভিভাবকদে খবর দেওয়া হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় ওই বাড়ির মালিক মোখলেছুরের স্ত্রী নাসিমাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে জড়িতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি