খালেদা জিয়ার জামিন বহাল

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, মে ১৬, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদকঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে তার জামিননামা দাখিল করেছেন আইনজীবীরা।

বুধবার (১৬ মে) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল হকের আদালতে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার এ জামিননামা দাখিল করেন।

আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

জামিন বাতিলে রাষ্ট্রপক্ষ ও দুদকের করা আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ বুধবার (১৬ মে) এ রায় দেন।

একইসঙ্গে নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে খালেদা জিয়া যে আপিল করেছেন সে আপিল বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, আমাদের চেষ্টা সফল হয়েছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছি। তিনি বলেন, আমরা সব সময় বলে আসছি, আমাদের নেত্রীও বলেছেন, আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল।

আরও পড়ুন  কুলাউড়ায় আরো ২ জঙ্গি আস্তানার খোঁজ

আপিল বিভাগের রায়ের পর বুধবার (১৬ মে) সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন তিনি।

মঈন খান বলেন, ‘আমরা সব সময় বলে আসছি, আমাদের নেত্রীও বলেছেন, আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা শুধু এটুকু চাই, আইন প্রত্যেকটি মানুষের উপর সমানভাবে প্রযোজ্য হবে। কারও উপর এক রকম, কারও উপর অন্য রকমভাবে প্রয়োগ হোক-সেটা আমরা চাই না।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ