সিলেটে কামরানের মরদেহ, মানিকপীর কবরস্থানে হবে দাফন

প্রকাশিত: 1:26 PM, June 15, 2020

সিলেটে কামরানের মরদেহ, মানিকপীর কবরস্থানে হবে দাফন

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মরদেহ সিলেটে পৌঁছেছে। সোমবার (১৫ জুন) সাড়ে ১২টার দিকে মরদেহ ছড়ারপাড়স্থ তাঁর নিজ বাসভবনের সামনে পৌঁছায়।

 

তাঁর মরদেহ সিলেটে পৌঁছার পর তাকে শেষ গোসল দেয়া হচ্ছে। গোসল শেষে বাদ যোহর ছড়ারপার জামে মসজিদে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে তাঁর প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। পরে মানিকপীরের টিলায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ফের জানাযা শেষে বাবা-মার কবরের পাশে সমাহিত করার কথা রয়েছে।

 

এদিকে দুপুরে যখন কামরানকে বহনকারী লাশবাহি গাড়িটি তাঁর বাসভবনে প্রবেশ করে তখন কান্নায় ভেঙ্গে পড়েন উপস্থিত নেতাকর্মীরা। এসময় করোনার ভয় উপেক্ষা করেও তাঁর বাসার সামনে জড়ো হন অসংখ্য নেতাকর্মীরা। কামরানের মরদেহ আসার সাথে সাথে এলাকাজুড়ে কান্নার রুল শুরু হয়।

 

অপরদিকে কামরানের মরদেহ আসার আগে থেকেই সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। সকলকে স্বাস্থ্যবিধি মেনে জনসমাগম না করতে পুলিশের পক্ষ থেকে কাজ করা হয়।

আরও পড়ুন  পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : সংসদে প্রধানমন্ত্রী

 

এর আগে সোমবার (১৫ জুন) ভোর রাত ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরউদ্দিন আহমদ কামরান মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের টানা দুইবারের মেয়র কামরান গত ৫ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন। পরদিন তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শরীর আরও খারাপ হলে ৭ জুন এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৮ জুন কামরানের শরীরে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিলো।

 

তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার ভোরে মারা যান সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক এই সভাপতি।

 

এর আগে গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরানেরও করোনাভাইরাস ধরা পড়ে। তিনি অনেকটা সুস্থ রয়েছেন এবং বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে পরিবার জানিয়েছে।

আরও পড়ুন  জুড়ীতে বাংলাদেশের খবর’র বর্ষপূর্তি উদযাপন

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ