সিলেট | |
প্রকাশিত: 2:29 AM, June 26, 2026
প্রভাতবেলা ডেস্ক: সিলেটের সীমান্ত উপজেলার স্কুল-কলেজের কোমলমতি শিশু-কিশোরদের নিয়ে ব্যতিক্রমধর্মী জনসচেতনতামূলক ক্যাম্পেইন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির উদ্যোগে ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
বিজিবি সূত্রে জানানো হয়েছে, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির ব্যবস্থাপনায় গোয়াইনঘাট উপজেলা অডিটোরিয়ামে প্রচলিত ও গতানুগতিক ধারার বাইরে নতুন আঙ্গিকে এক ভিন্নধর্মী জনসচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সীমান্তবর্তী স্কুল ও কলেজের কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সীমান্ত আইন, সীমান্ত অপরাধ প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধি সম্পর্কিত রচনা লিখন, চিত্রাঙ্কন ও ভিডিও কনটেন্ট তৈরির ওপর প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনস্থ সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত গোয়াইনঘাট সরকারি কলেজ, গোয়াইনঘাট ইমরান আহমেদ বালিকা বিদ্যালয় ও কলেজ, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
শিক্ষার্থীরা সীমান্তের বিভিন্ন ঘটনা, অবৈধ চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, পুশইন প্রতিরোধে বিজিবির ভূমিকা, সচেতন নাগরিকের ভূমিকা ইত্যাদি বিষয়ে তাদের চিত্রাঙ্কন, রচনা এবং ভিডিও কনটেন্টে সুন্দরভাবে ফুটিয়ে তোলে।
প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের থেকে সংশ্লিষ্ট স্কুল এবং কলেজের শিক্ষক ও বিচারকমণ্ডলী কর্তৃক রচনা প্রতিযোগিতায় ১৯ জন, চিত্রাঙ্কনে ১৫ জন এবং ভিডিও কনটেন্ট তৈরির ওপর ১১ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য থেকে প্রত্যেক ক্যাটাগরিতে ১ম, ২য় এবং ৩য় স্থান নির্ধারণ পূর্বক তাদের পুরস্কৃত করা হয়।
এ ছাড়াও চলমান বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বিজিবির পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশ নেয়া চারটি বিদ্যালয়কে ১০টি করে ৪০টি ফলদ ও বনজ গাছের চারা উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক বলেন, সীমান্তের সুরক্ষা একটি দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং অভ্যন্তরীণ নিরাপত্তার মূল ভিত্তি। এটি কেবল সীমান্তরক্ষী বাহিনীর একক দায়িত্ব নয়; বরং দেশের প্রতিটি নাগরিকের সচেতনতা ও দেশপ্রেমের সাথে জড়িত। চোরাচালান রোধ, মানবপাচার, নারী ও শিশু পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ বন্ধ এবং মাদক চোরাচালানের মতো জাতীয় হুমকি মোকাবিলায় সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক, তাদের মাধ্যমে তাদের পরিবারের সদস্য সচেতন হবে, তারা শিক্ষিত হয়ে একেকজন এলাকার প্রতিনিধিত্ব করবে এবং সীমান্ত আইন সম্পর্কে নিজে জানবে, জনসাধারণকে উদ্বুদ্ধ করবে যেন সকলে সীমান্ত আইন মেনে চলে।
অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং গোয়াইনঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে বিজিবি, সেক্টর সদর দফতর, সিলেটের মেডিক্যাল অফিসার, সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সংগ্রাম বিওপি কমান্ডার, অন্য পদবীর বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিরা, জনসাধারণ এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জনসচেতনতামূলক কার্যক্রম শেষে অডিটোরিয়াম ভবনে দুপুর ১২টার দিকে ভারপ্রাপ্ত সেক্টর মেডিক্যাল অফিসার মেজর চৌধুরী ইমরান মাহমুদ ও গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার ডা: সেজানা খান সীমান্তবর্তী হত-দরিদ্র এবং দুঃস্থ জনসাধারণের চিকিৎসা সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। সীমান্তবর্তী আনুমানিক পাঁচ শতাধিক নারী-পুরুষ এবং শিশুকে ফ্রি চিকিৎসা সেবা দেয়া এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি