কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদকঃ কুমিল্লার চৌদ্দগ্রামে একটি নৈশকোচে পেট্রলবোমা হামলায় ৮ যাত্রী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন কুমিল্লার আদালত।

 

বুধবার ( ২৫ জুলাই ) বিকেলে কুমিল্লা জেলা ও দায়রা জজ কে এম শামছুল আলম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে হাইকোর্ট গত সোমবার বিষয়টি ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির জন্য নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছিলেন।

 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি গভীর রাতে বিএনপির নেতৃত্বাধীন ২০–দলীয় জোটের অবরোধের সময় কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে পেট্রলবোমা ছুড়ে মারেন দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন।

 

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। ওই মামলায় খালেদা জিয়াকে আসামি করা হয়।

আরও পড়ুন  কারাগারে বিএনপি নেতা ইশরাক

 

১ জুলাই খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত। এরপর খালেদা জিয়ার আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। তখন আদালত ৮ আগস্ট শুনানির দিন ধার্য করেন। এরই মধ্যে তাঁর আইনজীবীরা হাইকোর্টে ১৮ জুলাই জামিনের আবেদন করেন।

 

গত সোমবার হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ ২৬ জুলাইয়ের মধ্যে নিম্ন আদালতে বিষয়টি নিষ্পত্তির জন্য নির্দেশ দেন।

 

এ মামলায় গত ১ জুলাই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন কুমিল্লার একটি আদালত। তবে ওই আদালতে জামিন চেয়ে করা আবেদন শুনানির জন্য আগামী ৮ আগস্ট শুনানির দিন ধার্য রয়েছে।

 

আদালতের পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন জানান, হাইকোর্টের নির্দেশনা অনুসারে খালেদা জিয়ার আইনজীবীরা তার জামিনের প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।

আরও পড়ুন  স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চায় বাংলাদেশ

 

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু জানান, ‘চৌদ্দগ্রামের নাশকতার মামলায় আমরা আদালতে জামিন চেয়েছিলাম, আদালতকে বলেছিলাম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, তিনি অসুস্থ, দেশ থেকে পালিয়ে যাবেন না, তাকে (খালেদা) রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ওই মামলায় আসামি করা হয়েছে।’

 

অ্যাডভোকেট কাইমুল হক রিংকু আরও বলেন, ‘এ মামলার এজাহারে খালেদা জিয়ার নাম নেই, ৩ আসামি আদালতে দেয়া তাদের জবানবন্দিতেও খালেদা জিয়ার নাম বলেননি, এ মামলার এফআইভুক্ত ১৮ আসামি জামিনে রয়েছেন, কিন্তু আদালত খালেদা জিয়াকে জামিন দেননি, আমরা ন্যায়বিচার পাইনি, উচ্চ আদালতে যাব, আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায়বিচার পাব।’

সর্বশেষ সংবাদ