সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০১৯
সংবাদদাতা, ঢাবি: ছাত্রলীগের হট্টগোল, কোন্দলে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বাতিল করে দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তিনি বলেন, অনিবার্য কারণবশত পহেলা বৈশাখের কনসার্ট স্থগিত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কনসার্টের নতুন তারিখ জানিয়ে দেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। শনিবার ও রোববার বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ওই কনসার্ট হওয়ার কথা ছিল। এর আগে কনসার্ট মঞ্চে শুক্রবার দিবাগত রাত ও শনিবার ভোরে দুই দফায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় বিজ্ঞাপন বুথ, ব্যানার ফেস্টুনে অগ্নিসংযোগ করা হয়। এতে প্রায় ২০ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আয়োজনের প্রধান স্পন্সর মোজোর পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা যায়, কোমল পানীয়ের ব্র্যান্ড মোজোর সহযোগিতায় পয়লা বৈশাখকে সামনে রেখে ১৩ ও ১৪ এপ্রিল কনসার্টের আয়োজন করে ছাত্রলীগ। কনসার্টে জেমস, মিলা, ওয়ারফেজ, আর্টসেল ও ফিডব্যাকসহ বেশ কয়েকটি ব্যান্ড আসার কথা ছিল। এই কনসার্ট ঘিরে করে ছাত্রলীগের দুটি পক্ষের সমর্থকদের মধ্যে কোন্দল দেখা দেয়। শোভনের সমর্থকরা অভিযোগ করেন, সংগঠনের সভাপতি হওয়া সত্ত্বেও এ আয়োজন সম্পর্কে তাকে কিছুই জানানো হয়নি। এর ফলে শুক্রবার রাতে কনসার্টস্থলে হামলা ও ভাঙচুর করে তার সমর্থকরা। এর আগে শুক্রবার রাত ১২টা পর্যন্ত শোভন টিএসসিতে ছিলেন। এ সময় তার অনুসারীরা তার সঙ্গে ছিলেন। ১২টার পর যখন শোভন টিএসসি থেকে চলে যান, তখন তার অনুসারীদেরও চলে যেতে বলেন। এরপরেই রাত ১টার দিকে মল চত্বরে হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত একটার দিকে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক নেতা আতিকুর রহমান খান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন রহমান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি ইউসুফ উদ্দীন খান, কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন, অমর একুশে হল শাখা ছাত্রলীগের সভাপতি এহসান উল্লাহ, মুহসীন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী ও স্যার এফ রহমান হলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুষারের নেতৃত্বে মল চত্বরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। তারা সবাই ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের অনুসারী।
ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পরেই মল চত্বর পরিদর্শন ও নিজেদের সমর্থকদের নিয়ে মহড়া দেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিৎ চন্দ্র দাস ও ডাকসুর সহ সাধারণ সম্পাদক (এজিএস) ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এ সময় ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন উপস্থিত ছিলেন না।
এ ঘটনার পরপরই শুক্রবার রাত তিনটার দিকে এ এফ রহমান হলে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সমর্থক সাগর, মেশকাত ও মামুনকে মারধর করা হয়। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের দাবি, ডাকসু এজিএস সাদ্দাম হোসেনের সমর্থকরা তাদের মারধর করেছেন। তারা আরো দাবি করেছেন, তাদের মারধর করা ছাড়াও শুক্রবার রাতে ছাত্রলীগ সভাপতি শোভন সমর্থক এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুষার ও জহুরুল হক হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজার কক্ষে ভাঙচুর করা হয়।
পরে শনিবার ভোরে দ্বিতীয় দফায় আগুন লাগিয়ে দেয় অজ্ঞাতরা। বাইক নিয়ে এসে পেট্রল ঢেলে ফিল্মি স্টাইলে আগুন দেয় বলে জানা গেছে। পরে তা নিভিয়ে ফেলা হয়। এ ঘটনার পর শনিবার সকাল থেকে কনসার্ট আয়োজনের স্পন্সর কোমলপানীয় প্রতিষ্ঠান মোজো অনুষ্ঠানের সামগ্রী নিয়ে চলে যায়। যদিও ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জানিয়েছিলেন যেকোন মূল্যে কনসার্ট অনুষ্ঠিত হবে। তবে আয়োজক প্রতিষ্ঠান মোজোর অপারগতা প্রকাশ করায় শেষতক কনসার্ট বাতিল করা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান মোজোর পক্ষ থেকে জানানো হয় হামলা অগ্নিসংযোগের কারণে তাদের ২০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে। আরও বেশি ক্ষতির আশংকায় তারা পিছু হটতে বাধ্য হয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি