গবেষণায় গুরুত্ব দেওয়ায় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০

গবেষণায় গুরুত্ব দেওয়ায় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ

 

প্রভাতবেলা ডেস্ক:

বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে গবেষকদের উদ্দেশে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনাদের গবেষণার ফলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে, আরও উন্নত হবে। যত বেশি গবেষণা হবে দেশ তত উন্নত হবে। গবেষণায় গুরুত্ব দেওয়া হয়েছে বলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলে জানান তিনি।

 

বৃহস্পতিবার (৫ মার্চ) বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওসমানী স্মৃতি মিলনায়তন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, শুধু গবেষণা করলেই হবে না। কার গবেষণা কী কাজে লাগছে সেটা দেখতে হবে। এজন্য একটা ডেটাবেজ হওয়া দরকার। এই গবেষণার ফলে কাকে কোন কাজে লাগানো যাবে এ বিষয়গুলো আমাদের নির্ধারণ করতে হবে। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

আরও পড়ুন  কবে হবে ছাতকের সুরমা সেতু?

 

বঙ্গবন্ধু কন্যা বলেন, আমরা যখন হাইব্রিড ধানের উৎপাদন শুরু করি তখন অনেকেই বাধা দিয়েছেন। কিন্তু আমি তা শুনিনি। কারণ আমাদের জমি কম, মানুষ বেশি। গবেষণা করে কীভাবে উৎপাদন বৃদ্ধি করা যায় সে দিকে আমরা নজর দিয়েছি। এছাড়া তরিতরকারি ফলমূলসহ বিভিন্ন খাদ্য গবেষণার মাধ্যমে বাংলাদেশে আজ উৎপাদন হচ্ছে। খাদ্য ও স্বাস্থ্য ক্ষেত্রে গবেষণা খুবই প্রয়োজন।

 

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে চান জানিয়ে শেখ হাসিনা আরও বলেন, সর্বক্ষেত্রে গবেষণা হচ্ছে বলেই বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্মকে আর কারও কাছে ধরনা দিতে হবে না। আর কারও মুখাপেক্ষী হতে হবে না। আমরা এই দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। কে কী গবেষণা করছেন তার ফলাফল আমরা জানতে চাই। সংশ্লিষ্টদের কাজে লাগিয়ে আমরা দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে চাই।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব প্রকৌশলী মো. আনোয়ার হোসেন।

আরও পড়ুন  রাশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ