সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
দীর্ঘদিন পর আবারও মাঠে ফিরছে বাংলাদেশ ফুটবল দল। আগামী নভেম্বরে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। আর এ ম্যাচ দুটিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।
করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ফুটবল খেলা থেকে দূরে রয়েছে বাংলাদেশ দল। এছাড়া প্রাণঘাতী এ ভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ।
আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
নেপালের বিপক্ষে জাতীয় দল সবশেষ দুই ম্যাচে হারের স্বাদ পেয়েছে। এছাড়া দক্ষিণ এশিয়ান গেমসেও অনূর্ধ্ব-২৩ দলের ভরাভুবি হয়েছে। সব মিলিয়ে দলটির বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিসংখ্যান যথেষ্ট হতাশার। জামাল ভূইয়াও বুঝতে পারছেন ফুটবলপ্রেমীদের চাওয়াটা। সামনে দুটি প্রীতি ম্যাচে জয়ের জন্য দল ক্ষুধার্ত বলেও জানালেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক।
বর্তমান আসন্ন ম্যাচ দুটোর জন্য ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। লম্বা বিরতির পর অনুশীলনে ফেরায় খেলোয়াড়দের ফিটনেস ফিরে পাওয়ার দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে ক্যাম্পের শুরুর দিকে। সোমবার নিজেদের মধ্যে ম্যাচ খেললেন জামাল-রানারা। ম্যাচ খেলতে গিয়েই অধিনায়ক বুঝে নিয়েছেন দলের ফিটনেসের সার্বিক অবস্থা।
জামাল বলেন, ‘সত্যি বলতে টিমটা পুরোপুরি ফিট না। আজকে আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি। অনেকের সমস্যা আছে। সত্যি বলতে আমাদের অনেক পরিশ্রম করতে হবে, আরও রানিং করতে হবে, তারপর ফিটনেস আসবে।’
তিনি আরও বলেন।‘অনেকদিন পর আমরা অনুশীলন করছি। (অনুশীলনে) ম্যাচ খেলছি। অনেক খেলোয়াড়ই পুরোপুরি ফিট নয়। আমার মনে হয়েছে বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা তুলনামুলকভাবে বেশি ফিট। অন্যরা সামনের দিনগুলোতে ফিট হয়ে উঠবে। বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা দলের সঙ্গে অনুশীলন করেছে। অন্যরা সে সুবিধা পায়নি। যারা টিমের সঙ্গে ছিল না, তারা তো একা একা প্র্যাকটিস করেছে। একা একা প্র্যাকটিস টিম প্র্যাকটিসের চেয়ে আলাদা।’
নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য খুব বেশি সময় নেই দলের হাতে। তবে এই স্বল্প সময়ের মধ্যে ফিটনেস ফিরে পাওয়ার তাগিদ দিয়ে অধিনায়ক বলেন, ‘ফিটনেস, ট্যাকটিক্যাল সব দিকটায় আমাদের ভালো করতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে। তা না হলে আমাদের পারফরম্যান্স ভালো হবে না।’
অনুশীলনের স্বল্পতা, ফিটনেসের ঘাটতি সব মেনে নিয়ে দলীয় লক্ষ্যও জানালেন জামাল। তার ভাষায়, ‘আমরা জয়ের জন্য ক্ষুধার্ত। সবাই বলছে নেপালের কাছে তোমরা দুইবার হেরেছ….এটা কী! তো বিষয়টা খেলোয়াড়দের মাথায়ও আছে। সবাই জিততে চায় এবং আমাদের জিততেই হবে।’
জাতীয় দলের প্রথমবারের মতো ডাক পাওয়া ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার কাজী তারিক রায়হানকে নিয়েও আশাবাদী জামাল।
তারিক সম্পর্কে জামাল বলেন, ‘তারিক দলে নতুন। তবে তার আসা দলের আত্মবিশ্বাস আরও বাড়াবে। তবে দলে নতুন বলে সে একটু সংকোচবোধ করে, কিন্তু ভালো করছে অনুশীলনে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি