সিলেট | |
প্রকাশিত: 1:26 PM, March 17, 2021
প্রভাতবেলা ডেস্ক:
মুখে দাড়ি থাকায় এক যুবককে চাকরি না দেয়ার অভিযোগ ওঠে হস্ত ও কারুশিল্প ব্যবসা প্রতিষ্ঠান আড়ং (ব্র্যাক) কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় যুবক ইমরান হোসাইন লিমনের ভিডিও।
এই ঘটনার সূত্র ধরে গণমাধ্যমে লিখিত দু:খ প্রকাশের পর লিমনকে মঙ্গলবার (১৬ মার্চ) চাকরির প্রস্তাব দিয়েছে আড়ং। আড়ংয়ের মিডিয়া সেল থেকে বিষয়টি জানিয়েছেন পাবলিক রিলেশন অফিসার রেদওয়ান আহমদ।
দাঁড়ি থাকায় ঢাকার তেজগাঁও এলাকায় আড়ংয়ের একটি শো-রুমে চাকরি দেওয়া হয়নি- এমন অভিযোগ তুলে গত শুক্রবার ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন ইমরান হোসাইন লিমন নামের এক যুবক। ৮ মিনিটের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরবর্তীতে ভাইরাল হয়ে পড়ে।
ভিডিওতে লিমন বলেন- ‘‘সম্প্রতি আমি আড়ং, সেইলর, জেন্টেল পার্কসহ বেশ কয়েকটি শো-রুমে সেলসম্যান পদের জন্য সিভি ড্রপ করি। শুক্রবার আমাকে আড়ংয়ের ইন্টারভিউর জন্য তেজগাঁওয়ে ডাকা হয়। ইন্টারভিউর সময় আমি মাস্ক পরা ছিলাম। সেখানে যারা ছিলেন, আমি তাদের সব প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছি। ইন্টারভিউর শেষ পর্যায়ে তাদের কথা ও ভঙ্গি দেখে মনে হয়েছে তারা আমাকে নিয়ে নেবেন, তারা আমার কথায় সন্তুষ্ট।
কিন্তু কথা শেষ করে চলে যাওয়ার সময় তারা আমাকে দাঁড়াতে বলেন। তারা হয়তো আমার মাস্কের পাশ দিয়ে গালে দাড়ি দেখতে পান। আমাকে তারা বললেন, ‘মাস্কটা খোলো।’ আমি মাস্ক খুলতেই তারা বললেন, ‘উই আর ট্রুলি স্যরি (আমরা সত্যিই দুঃখিত)।’ আমি বললাম, ‘কেন, কী হয়েছে?’ উনারা বললেন, ‘আপনাকে আমরা কনফার্ম করতে পারছি না। আপনি যদি দাড়িটা ক্লিন শেভ করতে পারেন তাহলে আপনার জবটা আমরা এখানে কনফার্ম করলাম ইনশাআল্লাহ।’
লিমন বলেন, আড়ংয়ের লোকজন আমাকে বলেন, ‘আমাদের আড়ংয়ের রুলস হচ্ছে সেলসম্যানের জব করতে হলে আপনাকে ক্লিন শেভ করতে হবে।’ তাদের এ কথা শুনে আমি হতভম্ব। আমি ফিরে আসার সময় আমি তাদেরকে বলি, তাহলে আমি এই জবটা করবো না। আমি একথা বলে চলে আসছিলাম। তবে আমি আবারও তাদের কাছে ফিরে যাই। তাদেরকে বলি যে, আমি খুবই নিডি (অভাবগ্রস্ত)। আমাকে কি কোনোভাবে চাকরিটা দেয়া যায়? তারা বলে, ‘না এটা আড়ংয়ের রুলসে নাই।’
এদিকে, ভিডিওটি ভাইরাল হবার পর ফেসবুকে সমালোচনার ঝড় উঠে। সেই সাথে সিলেট নগরীর জেল রোডস্থ আড়ং শো-রুমের সামনে সোমবার সকাল ১১টায় ‘সিলেটের সচেতন আলেম সমাজ’র ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দেয়া হয়।
কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, ইসলামকে অবমাননা করে পৃথিবীতে আবু জাহেল, নমরুদ, ফিরাউন ওরা কেউ টিকতে পারেনি। সময়ের পালাবদলে তাদেরকে ধ্বংস হতে হয়েছে। আমাদের প্রিয় নবী (স.) এর সুন্নাত দাড়ি নিয়ে তামাশা করায় আড়ংও ধ্বংস হবে যাবে। তাই অবিলম্বে আড়ং কর্তৃপক্ষকে দ্রুত এমন অবস্থান এবং মনোভাব থেকে সরে আসতে হবে। নতুবা দেশবাসীকে নিয়ে আড়ংয়ের সকল পণ্য বয়কটের ডাক দেয়া হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি