‘ইয়াবা সম্রাট’ আমিন হুদার মৃত্যু

প্রকাশিত: 8:29 PM, March 6, 2020

‘ইয়াবা সম্রাট’ আমিন হুদার মৃত্যু

 

প্রভাতবেলা ডেস্ক: 

দুটি মামলায় ৭৯ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ‘ইয়াবা সম্রাট’ খ্যাত আমিন হুদা মারা গেছেন। শুক্রবার (৬ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে তিনি মারা যান।

 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাহবুবুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জেলার মাহবুবুল ইসলাম জানান, কয়েদি আমিন হুদা দুপুর একটার দিকে বঙ্গবন্ধু মেডিকেলে মারা গেছেন। তিনি হৃদরোগ ও শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। আইনি প্রক্রিয়া শেষ করে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

কারা সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমিন হুদার সাজা হয়। তিনি প্রায় ৭ বছর ধরে কারাগারে ছিলেন। এর মধ্যে কয়েক দফায় প্রায় তিন বছর হাসপাতালের প্রিজন সেলে কাটিয়েছেন।

 

আমিন হুদাকে ২০০৭ সালের ২৪ অক্টোবর গুলশানের একটি বাড়ি থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী গুলশানের আরেকটি বাসা থেকে ১৩৮ বোতল মদ, পাঁচ কেজি ইয়াবা (১ লাখ ৩০ হাজার পিস) এবং ইয়াবা তৈরির যন্ত্র ও উপাদান উদ্ধার করা হয়। ২০১২ সালের ১৫ জুলাই আমিন ও তার সহযোগী আহসানুল হককে ৭৯ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাদের দুজনকে ৭ কোটি ৫৫ লাখ টাকার অর্থদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন  মহান বিজয়ের মাস শুরু

 

আইনজীবীরা জানিয়েছিলেন, এক সঙ্গে সাজা চলার কারণে আমিন হুদাকে সর্বোচ্চ ১৪ বছর সাজাভোগ করতে হবে।

 

এরপর দুই মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আমিন হুদা হাইকোর্টে আপিল করে জামিন চান। ২০১৩ সালে হাইকোর্ট তাকে জামিন দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ওই বছরের ৫ মে আপিল বিভাগ জামিন বাতিল করে তাকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে ও হাইকোর্টে আপিল নিষ্পত্তির জন্য নির্দেশ দেন। আত্মসমর্পণের পর থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ