কুলাউড়ায় রেললাইনে আগুন, থামাতে হলো ট্রেন

প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩

কুলাউড়ায় রেললাইনে আগুন, থামাতে হলো ট্রেন

প্রতিনিধি, কুলাউড়া:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছকাপন রেলস্টেশনের কাছে টায়ারে আগুন ধরিয়ে রেললাইনের ওপর ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে ট্রেন থামিয়ে চালক ও যাত্রীরা জলন্ত টায়ার সরিয়ে ফেলেন। এর পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। ঘটনাটি ঘটে শনিবার রাত সোয়া নয়টার দিকে।

 

কুলাউড়া জংশন স্টেশনের মাস্টার রোমান আহমদ জানান, দুর্বৃত্তরা একটি টায়ারে আগুন ধরিয়ে তা রেললাইনের ওপর ফেলে রাখে। রাত সাড়ে ৯টার দিকে সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল এক্সপ্রেস ওই এলাকায় পৌঁছায়। এ সময় রেললাইনে আগুন দেখে চালক ট্রেন থামিয়ে দেন। পরে চালকসহ যাত্রীরা নেমে জলন্ত টায়ারটি রেললাইন থেকে সরিয়ে ফেলেন। এরপর ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। কারা টায়ারে আগুন ধরিয়ে রেললাইনে রেখেছে তা জানা যায়নি বলে তিনি জানান।

 

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব জানান, রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ট্রেনচালক ও যাত্রীরা আগুন লাগানো টায়ার সরিয়ে ফেলেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

আরও পড়ুন  দেড় বছরে কোরআনে হাফেজ জুবায়ের

 

সর্বশেষ সংবাদ