সিলেট | |
প্রকাশিত: 1:55 AM, April 14, 2019
ফাঁকা বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সেই ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় বিপ্লব দেবনাথ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। চলন্ত বাসে ওই ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অন্যতম অভিযুক্ত ব্যক্তি তিনি। শুক্রবার দিনগত রাতে নগরের অক্সিজেন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ৩ নম্বর রুটের ওই বাসটিও জব্দ করেছে পুলিশ। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বাসচালকের সহকারীর (হেলপার) যৌন হেনস্তা থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ওই ছাত্রী। চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিজের সম্ভ্রম বাঁচাতে গিয়ে ওই ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে বাস থেকে লাফ দিয়েছেন বলে পরে নিজের ফেসবুকে দীর্ঘ পোস্টে উল্লেখ করেছেন। ঘটনার পর এক রিক্সাচালকের সহযোগিতায় বাসায় পৌঁছে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় অবস্থান করছেন তিনি। বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী থানাধীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নগরীর নিউমার্কেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ৩নং রুটের বাসে ওই ছাত্রী হেলপারের লাঞ্ছনার শিকার হন। তিনি ঘটনার দিন বিকেলে ক্লাস শেষ করে আনুমানিক বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ১ নং গেইট হতে ৩ নং বাসে ওঠেন। বাসটি নগরের রিয়াজুদ্দিন বাজার এলাকায় পৌঁছলে ভুক্তভোগী ছাড়া সব যাত্রী একে একে নেমে যান।
তিনি নিউমার্কেট মোড়ে নামার জন্য বাসেই অবস্থান করছিলেন। এমন সময় তাকে বাসে একা পেয়ে, হঠাৎ বাসটি গন্তব্য বদল করে স্টেশন রোডের দিকে মোড় নেয় এবং গতি বাড়িয়ে দেয়। ঘটনার তাৎক্ষণিকতায় কি হচ্ছিল বুঝতে পারছিলেন না ভুক্তভোগী ওই ছাত্রী। তখন তিনি বাস চালককে বাস থামাতে বললে চালকের সহকারী তার দিকে ছুটে আসে এবং ওই ছাত্রীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে।
এ সময় দম বন্ধ হয়ে আসার উপক্রম হলে, আত্মরক্ষার্থে ওই ছাত্রী তার ডান হাতে থাকা মোবাইল দিয়ে চালকের সহকারীকে আঘাত করেন এবং চলন্ত বাস থেকে লাফ দেন। ঘটনার সময় বাসের চালকও ‘ধর মেয়েটারে ধর’ বলে সহকারীকে উৎসাহ যোগাচ্ছিল। পরে এক রিকশা চালকের সাহায্যে শরীরে আঘাতের চিহ্ন নিয়ে ওই ছাত্রী বাসায় ফিরে আসেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি