ছাতকে নেতার বাড়ির পাশে ‘হাস্যোজ্জ্বল’ সেতু!

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

ছাতকে নেতার বাড়ির পাশে ‘হাস্যোজ্জ্বল’ সেতু!

প্রতিনিধি, ছাতক:

ঘরবাড়ি নেই, সড়ক নেই অথচ প্রায় তিন কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে সেতু। সেতুর এক পাশে সড়কের সংযোগ থাকলেও অন্য পাশে শুধুই ফসলি জমি। সেতুর অপরপ্রান্তে কোনো সড়ক না থাকায় বর্তমানে সেতুটি কোনো কাজে আসছে না।

ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আনুজানি গ্রামের পাশের চেলাখালের ওপর  এই সেতুর অবস্থান।

জানা যায়, সেতুটি নির্মাণের পেছনে রয়েছেন আনুজানি গ্রামের বাসিন্দা একজন বিশিষ্ট ব্যক্তি। সেতু নির্মাণের পেছনে তাঁর একটি ভূমিকা আছে বলে গ্রামবাসী জানালেন। সেতুর দক্ষিণ পাশে সড়কের পরই বিশিষ্ট ব্যক্তিটির বাড়ি। সড়ক থেকে সেতুটি উত্তর দিকে খালের ওপর নির্মাণ করা। কিন্তু সেতুর পর আর কোনো সড়ক নেই। সব ধানি জমি। জমির আল ধরে মইনপুর, কুরশি গ্রামের মানুষজন যাতায়াত করেন।

জানা যায়, খালের দক্ষিণে আনুজানি গ্রাম, উত্তরে ফসলি জমি ও চেরা বিল। বিলের পাড়ে মইনপুর ও কুরশি গ্রাম। চেলা খালের ওপর এই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয় তিন বছর আগে। গ্রামের পাশের সড়ক যুক্ত করে সেতুটি খালের ওপর নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় তিন কোটি টাকা। সেতুর দৈর্ঘ্য ৬৬ মিটার, প্রস্থ সাড়ে ৭ মিটার। কিন্তু সেতুর অপর প্রান্তে কোনো সড়ক নেই। সংযোগ সড়কের পরই জমি। এদিকে সেতুটি তুলনামূলক নিচু হওয়ায় ভরা বর্ষায় নৌ চলাচল বাধাগ্রস্ত হয়।

আরও পড়ুন  হবিগঞ্জ সিএইচসিপি’র সভাপতি রশিদ সম্পাদক অসিম

আনুজানি গ্রামের বাসিন্দা ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, মইনপুর ও কুরশি ছাড়াও খালের উত্তর পাড়ের আরও কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার জন্য এই সেতু নির্মাণে করা হয়েছে। সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আনুজানি গ্রামের বাসিন্দা বিচারপতি মো. ইমান আলী, এলজিইডি ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দা মকিবুল ইসলাম বলেন, পাশে একটি গ্রাম আছে। বর্ষাকালে যদি সেই গ্রামে আসা যাওয়া না করা যায় তাহলে ওই ব্রিজের কোন মূল্য নাই। রাস্তা নির্মাণ করলে ব্রিজটি মানুষের কাজে আসবে। মইনপুর ও কুরশি গ্রামের মানুষও ওই দিকে যাতায়াত করা যাবে। গ্রামবাসীর দাবি দ্রুত রাস্তা করা হোক।

আনুজানি ও আশপাশ গ্রামের কয়েকজন লোক জানিয়েছেন, সেতুটির এখন এখানে প্রয়োজন ছিল না। বরং এ সেতু থেকে আধা কিলোমিটার দূরে আলীগঞ্জ বাজারের পশ্চিম পাশে চেলা খালের ওপর একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। সেখানে সেতু হলে মঈনপুর ও কুরশি গ্রামের মানুষও ওই দিকে যাতায়াত করতে পারত। এখন তৈরি করা নতুন সেতুর সঙ্গে ওই দুই গ্রামের সংযোগ দিতে হলে এক দিকে তিন কিলোমিটার, অন্যদিকে চার কিলোমিটার সড়ক করতে হবে।

আরও পড়ুন  বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩ লাখ মানুষ

এলজিইডির ছাতক উপজেলা প্রকৌশলী মো. আবুল মনসুর মিয়া বলেন, অনেক স্থানে এ রকম হয়। দেখা গেছে, আগে সেতু হওয়ায় পরে সড়কের কাজ গুরুত্ব দিয়ে দ্রুত করা হয়েছে। সেতুটির উত্তর পাশে সড়ক করার জন্য প্রয়োজনীয় প্রকল্প প্রস্তুত করছেন তাঁরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ