সিলেট | |
প্রকাশিত: 11:54 PM, March 3, 2024
আফজল হোসেন
সিলেট বিমানবন্দরে নেমে শহরমুখী হলেই চোখে পড়বে নয়নাভিরাম সবুজ চা বাগান। রাস্তার দুই পাশের উঁচু-নিচু টিলা ঘিরে রয়েছে সবুজ চা গাছ। সেই দৃষ্টিনন্দন চা বাগানের পাশ ঘিরেই গড়ে উঠেছে দেশের অনিন্দ্য সুন্দর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। যেখানে বর্তমানে ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি নিয়মিত মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটও। এই তো কিছুদিন আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।
আসা-যাওয়ার পথে মালনিছড়া চা বাগানটি আলাদা নজর কাড়ে, যে কারো বাগানে ঘুরে আসার এবং ছবি তোলার শখ জাগতে পারে। যেমনটা জেগেছিল ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরের। নারী এশিয়া কাপ ২০২২ এর ফাইনালের আগে চা বাগানে ট্রফি উন্মোচনের আবদার করেই বসেছিলেন কৌর। তার সেই আবদার মেটাতে কর্তৃপক্ষ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে ট্রফি উন্মোচন করার পরও চা বাগানে ভারত ও শ্রীলঙ্কার অধিনায়ককে নিয়ে ট্রফি নিয়ে ফটোসেশন করেছিল।
এবারও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া তিন ম্যাচের টি২০ ট্রফি উন্মোচনের কাজটা বিসিবি সেরেছে লাক্কাতুরা চা বাগানে। রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উত্তর পাশে লাক্কাতুরা চা বাগানে সিরিজের ট্রফির সাথে পোজ দেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।
তিন ম্যাচের টি২০ সিরিজকে সামনে রেখে দুই দলেই প্রস্তুতি সেরেছে জোরেশোরে। ১লা মার্চ থেকেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করে শ্রীলঙ্কা। বিপিএল ফাইনাল থাকায় তার একদিন পরেই মাঠে নামে বাংলাদেশ।
সিরিজে শ্রীলঙ্কাকেই ফেভারিট মানছেন লঙ্কান কোচ ক্রিস সিলভারউড। অন্যদিকে বিপিএলের পরপরই সিরিজ হওয়ায় বাংলাদেশকে এগিয়ে রাখছেন নাজমুল হোসেন শান্ত।
সোমবার শুরু হতে যাওয়া সিরিজকে সামনে রেখে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেন, ‘খুবই গুরুত্বপূর্ণ যে এত বড় টুর্নামেন্টের পরপরই আমরা আবার টি-টোয়েন্টি দিয়ে শুরু করছি। প্ল্যান করা সবার জন্য সহজ হবে কারণ আমরা এই সংস্করণটাই খেলে এসেছি। সিরিজ জেতার জন্য শতভাগ বিশ্বাস আছে।’
অন্যদিকে শ্রীলঙ্কা দল নিয়েও আলাদা কোনো ভাবনা নেই শান্তর। নেই থিকসেনা ও হাসারাঙ্গাকে নিয়ে কোনো বাড়তি মাথা ব্যথা। শ্রীলঙ্কা দল, থিকসেনা ও হাসারাঙ্গা প্রসঙ্গে শান্ত বলেন, ‘আলাদাভাবে চিন্তা করছি না। দলে যেসব খেলোয়াড় আছে সবার স্পিন খেলা বিকশিত হয়েছে। প্রত্যেকটা খেলোয়াড়ের আলাদা পরিকল্পনা থাকা জরুরি। কোন বোলার নিয়ে আলাদা চিন্তা এজ এ ব্যাটিং গ্রুপ আমরা করছি না। আমার মনে হয় না খুব কঠিন হবে আমাদের জন্য। চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রত্যেকেই প্রস্তুত।’
দলে থাকা বোলারদের নিয়ে আত্মবিশ্বাসী শান্ত, দলে থাকা বোলাররা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে বলে বিশ্বাস শান্তর। নিজেদের বোলার নিয়ে শান্ত বলেন, ‘সবাই। আমাদের দলে যে পাঁচটা-ছয়টা বোলার আছে প্রত্যেকে দলকে একাই জিতিয়ে দিতে পারে। ওই বিশ্বাস আমার আছে।’
আর শ্রীলঙ্কান কোচ ক্রিস সিলভারউডের কাছে সিরিজে ফেভারিট লঙ্কানরা, তবে তার কাছে দুইদলই শক্তিসামর্থ্য সমান সমান। তাই সিরিজ জেতা সহজ হবে না বলে মানছেন লঙ্কান কোচ। লঙ্কান কোচ সিলভারউড বলেন, ‘আমি তো বলব শ্রীলঙ্কাই ফেভারিট। তবে যা বললাম, দুই দলই খুব ভাল। সিরিজ জেতা তাই অনেক কঠিন হবে। আমরা সেরা ক্রিকেট খেলতে চাই।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি