সিলেট | |
প্রকাশিত: 4:59 PM, November 14, 2026
জহিরুল ইসলাম ::
ম্যাচ জিতে সিরিজ ড্র করতে পাড়ি দিতে হতো কঠিন পথ, গড়তে হতো রেকর্ড। সেই চেষ্টাই করেনি বাংলাদেশ। বরং দায়িত্বশীল ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জ সামলে হার এড়ানোর পথে হাঁটলেন তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিমরা।
প্রথম ইনিংসে অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি করে সঙ্গীর অভাবে অপরাজিত থেকে যান হৃদয়। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে যেন সেখান থেকেই শুরু করেন তিনি। আরেকটি চমৎকার ইনিংসে দলকে নিরাপদ অবস্থানে নিয়ে যান ২৬ ছুঁইছুঁই ব্যাটসম্যান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ দিন সোমবার (৯ নভেম্বর) রোমাঞ্চের খোরাক ছিল যথেষ্টই। তবে তা পুরোপুরি কাজে লাগাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। তার ওপর বাগড়া বাঁধায় প্রকৃতি। আলোকস্বল্পতায় ১৯ ওভার বাকি থাকতেই শেষ হয়ে যায় ম্যাচ।

চতুর্থ ইনিংসে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৭৮ ওভারে ৩৬৯ রানের। প্রায় অসম্ভব পর্যায়ের এই লক্ষ্য তাড়ার চেষ্টা না করে ম্যাচ বাঁচানোর চেষ্টায় স্বাগতিকরা ৫৯ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ১৮৪ রান। এরপর আর খেলা সম্ভব না হলে ড্র হয়ে যায় ম্যাচ।
শেষ দিন সকালে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করে তারা। দিনের শেষভাগে আলোক স্বল্পতার পর নিশ্চিতভাবেই প্রশ্ন উঠবে সকালের দিকে তাদের ইনিংস ঘোষণায় দেরি করার সিদ্ধান্ত।
বাংলাদেশের মাঠে ২০২২ সালের মে মাসের পর এই প্রথম ড্র হলো কোনো টেস্ট। মাঝের সাড়ে চার বছরে ১৮ ম্যাচের সবকটিতেই আসে ফল। এবার ড্র করলেও সিরিজটি অবশ্য ১-০ ব্যবধানে হারল বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশের মাঠে পরপর দুটি সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ।
এই ম্যাচে বাংলাদেশের নায়ক হৃদয়। মিরপুর টেস্টের দুইবার বাজেভাবে আউট হওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিলেটে তিনি খেলেন চমৎকার দুটি ইনিংস। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের পর, দ্বিতীয়বার তার ব্যাট থেকে আসে ৮২ রান।
দুই ইনিংস মিলিয়ে ৩২৪ রান করে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ম্যাচে তিনশর বেশি রান করার রেকর্ড গড়েন হৃদয়। এতদিন ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল মুমিনুল হকের। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ২৮১ (১৭৬ ও ১০৫*) রান করেন বাঁহাতি ব্যাটসম্যান।
১-০ ব্যবধানে সিরিজ জিতে যাওয়ায় খেলা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বিজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক রোস্টন চেজের হাতে ট্রফি তুলে দেন। এরপর তিনি ম্যাচসেরা তাওহিদ হৃদয় ও সিরিজসেরা জোমেল ওয়ারিক্যানের হাতে প্রাইজমানি তুলে দেন।


সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি