ক্রীড়া প্রতিবেদক♦ রাজনীতিক ও ক্রীড়াবিদ রেজাউল করিম নাচনকে সদস্য সচিব এবং যুবনেতা ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী মকসুদ আহমদকে সদস্য করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখা থেকে জারিকৃত পত্রে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুসরণ করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে যথারীতি সিলেটের জেলা প্রশাসককে সভাপতি এবং পুলিশ সুপারকে সদস্য করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা ক্রীড়া অফিসার।
এডহক কমিটিকে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, কমিটির অন্যতম প্রধান দায়িত্ব হবে সিলেট জেলা ক্রীড়া সংস্থার নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন, এনডিসির স্বাক্ষরে ৭ সেপ্টেম্বর এ সংক্রান্ত অনুমোদনপত্র জারি করা হয়।
