সিলেট | |
প্রকাশিত: 2:32 AM, March 24, 2024
আফজল হোসেন
বোলারদের গড়ে দেওয়া সুযোগটা ব্যাটারদের ভুলে কাজে লাগাতে ব্যর্থ স্বাগতিক বাংলাদেশ। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার ২৮০ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে মমিনুল-শান্তরা করেছেন মাত্র ১৮৮ রান। বাংলাদেশের এমন সংগ্রহের মূল কৃতিত্ব অবশ্য বাম হাতি স্পিনার তাইজুল ইসলামের (৪৭)। নবম উইকেটে চল্লিশোর্ধ্ব রানের জুটি গড়ে বাংলাদেশকে ফলোঅন থেকে বাঁচান শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ। তবে বাংলাদেশকে দুইশোর নিচে গুটিয়ে দিয়ে ২১১ রানের লিড নিয়ে সিলেট টেস্টের নিয়ন্ত্রণ এখন শ্রীলঙ্কার হাতে।
দিনের শুরুতেই ওপেনার মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় বাংলাদেশ। লাহিরু কুমারার গতির সাথে বাড়তি বাউন্সে পরাস্ত হয়ে জয় (১২) ক্যাচ তুলে দেন থার্ড স্লিপে।
জয়ের বিদায়ে ক্রিজে আসা শাহাদাত হোসেন দিপু তিন চার হাঁকিয়ে খানিকটা আলোর ঝলকানি দেখালেও উইকেটে থিতু হতে পারেননি। দিপু ১৮ রানের বেশি তুলতে পারেননি। দিপুকেও সাজঘরে পাঠান কুমারা। ৮৩ রানে ৫ উইকেট নেই স্বাগতিকদের!
সাতে নামা লিটন দাস তখন দলের মূল ভরসা। স্বীকৃত ব্যাটার কেবল এই লিটনই আছেন, যিনি দলের বিপর্যয় কাটিয়ে আশার আলো দেখাতে পারেন দলকে। তাকে সঙ্গ দেওয়ার মতো আছেন মেহেদী হাসান মিরাজ আর নাইটওয়াচম্যান হিসেবে প্রথম দিনে উইকেটে আসা তাইজুল ইসলাম। তবে লিটন-মিরাজের কেউই বাংলাদেশ দলের হাল ধরতে পারেননি, দলের ‘ত্রাণকর্তা’ সেই তাইজুলই।
লিটন ৪ বাউন্ডারিতে ২৫ রানে কুমারার তৃতীয় শিকারে পরিণত হয়ে ফেরেন প্যাভিলিয়নে। ৮০ বলে ৪৭ রানের টেস্ট সুলভ দারুণ এক ইনিংসে বাংলাদেশের সংগ্রহ একশো চল্লিশের ঘরে নিয়ে যান তাইজুল। ৬টি চারে সাজানো তাইজুলের এই ইনিংসের সুবাদেই বাংলাদেশ ফলোঅনের হাত থেকে রক্ষা পায়।
নবম উইকেটে খালেদ-শরীফুলের ৩৫ বলে ৪০ রানের দারুণ জুটিতে বাংলাদেশের সংগ্রহ যায় একশো আশির ঘরে। দলীয় ১৮৭ রানে শরীফুল (১৫) হাঁটেন প্যাভিলিয়নের পথে, এরপর দ্রুত খালেদও (২২) ফেরেন সাজঘরে। ফলে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৮৮ রানে। ৯২ রানের লিড পায় শ্রীলঙ্কা।
প্রথম দিনের শেষ বিকেলে জাকির ও শান্তকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে স্বাগতিকদের গলা চেপে ধরা বিশ্ব ফার্নান্দো আজ শিকার করেন শরীফুল ও খালেদের উইকেট। এছাড়া শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট শিকার করেন কাসুন রাজিতা ও লাহিরু কুমারা।
৯২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার দিমুথ করুনারত্নের (৫২) ফিফটিতে শ্রীলঙ্কা দ্বিতীয় দিন শেষ করেছে ৫ উইকেটে ১১৯ রানে। নিশান মাধুষ্কাকে (১০) উইকেটের পিছনে ক্যাচ বানিয়ে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন অভিষিক্ত পেসার নাহিদ রানা। ওভার পাঁচেক পরে আবার তিনে নামা কুশল মেন্ডিসকে (৩) ফিরিয়ে সফরকারীদের ব্যাকফুটে ঠেলে দেন রানা।
রানার পর দৃশ্যপটে আসেন তাইজুল ও মিরাজ, দুজনে মিলে অ্যাঞ্জেলো ম্যাথুস (২২) ও দীনেশ চান্দিমাল (০) উইকেট তুলে নিলে মাত্র ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে আবারও ব্যাটিং বিপর্যয়ের শঙ্কায় পড়ে ধনাঞ্জয়া ডি সিলভার দল।
তবে একপ্রান্ত আগলে রেখে দলকে নিয়ে সামনে এগুতে থাকেন আরেক ওপেনার দিমুথ করুনারত্নে। দলীয় ১১৩ রানে লঙ্কান এই ওপেনার আউট হওয়ার আগে ১০১ বলে ৭ চার এবং ১ ছয়ে খেলেন ৫২ রানের ধৈর্য্যশীল এক ইনিংস।
এরপর অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা (২৩*) নাইটওয়াচম্যান ফার্নান্দোকে (২*) নিয়ে দ্বিতীয় দিন পার করেন অনায়াসে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি