ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক শিরোপা জিতলো সিলেট

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৩

ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক শিরোপা জিতলো সিলেট

তানজীল শাহরিয়ার: ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩-২৪’র সিলেট অঞ্চলের ফাইনাল খেলায় মৌলভিবাজার অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলকে হারিয়ে শিরোপা জয় করেছে সিলেট জেলা অনূর্ধ্ব-১৪ দল।

 

হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে ঘন কুয়াশার কারণে খেলা শুরু হতে বিলম্ব হয়। টসে জয়লাভ করে সিলেট অনূর্ধ্ব-১৪ প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ৪৫ অভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে সিলেটের ক্ষুদে ক্রিকেটাররা।

 

২০ রানে ৩ উইকেট হারালেও আজহার এবং পার্থ’র ব্যাটে ভর করে ইনিংস মেরামত করে সিলেট।

 

আজহার ২৭ রান করে ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে ব্যাট করে যান পার্থ। ৪৬ রান করে অপরাজিত থাকেন তিনি। ১০ নাম্বারে নেমে ১৭ বলে ১৪ রান করে অপরাজিত ছিলেন সোহম।

 

মৌলভিবাজারের তুহিন মিয়া এবং তুহিন ২টি করে, সাজ্জাদ, রাহাত, সাফওয়ান, রবিন ১টি করে উইকেট লাভ করেন।

 

১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্মরণ এবং জয়ের বোলিং তোপে মাত্র ১৫ রানে চার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে মৌলভিবাজার অনূর্ধ্ব-১৪। ৫ নাম্বারে নামা তুহিনের ১৪ রানের সুবাদে কিছুটা প্রতিরোধ গড়তে পারলেও সিলেট অনূর্ধ্ব-১৪ দলের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি মৌলভিবাজার অনূর্ধ্ব-১৪।

আরও পড়ুন  রোনালদোর নতুন রেকর্ড

 

১০ম উইকেটে ৩৫ রান ওঠায় পরাজয়ের ব্যবধান কমেছে। ১০-এ নামা সাজ্জাদের ২৮ রানের ইনিংসটি সিলেটি কিশোরদের বিজয়োৎসবকে খানিকটা বিলম্বিত করেছে।

 

মৌলভিবাজার অনূর্ধ্ব-১৪ ৩৮.১ অভারে ৯৩ রান করে অলআউট হয়।

 

সিলেটের সেরা বোলার ছিলেন স্মরণ বণিক। মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। জয় এবং রাহাত ২টি করে, আজহার এবং উমর ১টি করে উইকেট লাভ করেন।

 

ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সিলেটের পার্থ চন্দ পাল।

 

শিরোপা জয়ী সিলেট অনূর্ধ্ব-১৪ দলের কোচ ছিলেন শামিম আহমেদ শেনাজ, ম্যানেজারের দায়িত্বে ছিলেন আলমাস আহমদ শুক্কুর।

সর্বশেষ সংবাদ